মানাউসে ব্লুমফন্টেইনের ছায়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লুমফন্টেইনের ভূত কি ফিরবে আজ মানাউসে?
সবকিছু এমনভাবে মিলে যাচ্ছে যে শঙ্কাটা করতেই পারে সু্ইসরা। গত বিশ্বকাপে ঠিক এই ২৫ জুনেই মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড-হন্ডুরাস। গ্রুপে দুদলের সেটি ছিল শেষ ম্যাচ। ম্যাচের আগে সুইসদের পয়েন্ট ছিল ৩, হন্ডুরাসের ০। দ্বিতীয় রাউন্ডে উঠতে সুইজারল্যান্ডের প্রয়োজন ছিল জয়, কিন্তু ছিটকে পড়েছিল তারা গোলশূন্য ড্রয়ে। তারিখ থেকে শুরু করে সমীকরণ, সব এবারও মিলে যাচ্ছে৷ ফলাফলেও ইতিহাস ফিরে আসার শঙ্কা সুইসরা করতেই পারে!
সুইজারল্যান্ড কোচ ওটমার হিটজফেল্ডের কথাগুলোও পুরোনো মনে হতে পারে, ‘আমাদের ভাগ্য আমাদের হাতেই। দ্বিতীয় রাউন্ডে ওঠার খুব ভালো সম্ভাবনা আছে আমাদের।’ চার বছর আগেও নিশ্চয় এমন কিছুই বলেছিলেন সুইসদের জার্মান কোচ! যদিও হিটজফেল্ডের কথায় একটু ফাঁকও আছে। ভাগ্য পুরোপুরি তাদের হাতে নেই। নিজেদের হন্ডুরাসকে তো হারাতেই হবে, পাশাপাশি ফ্রান্সের কাছে ইকুয়েডরকেও হারতে হবে। সুইজারল্যান্ড-ইকুয়েডর দুদলই হারলে বা দুদলই জিতলে বিবেচিত হবে গোল ব্যবধান। ম্যাচের আগে তাতে খানিকটা পিছিয়েই আছে হিটজফেল্ডের দল (ইকুয়েডরের গোল ব্যবধান ০, সুইসদের-২)। নিজেদের জয় আর ইকুয়েডরের পরাজয়ই তাই আজ হবে সুইজারল্যান্ডের আদর্শ ফল।
দুদলের শক্তি বিবেচনায় সুইজারল্যান্ডের না জেতার কারণ নেই। কিন্তু ইকুয়েডরকে হারিয়ে শুরু করলেও সুইসদের মনোবল বড় ধাক্কা খেয়েছে ফ্রান্সের কাছে ৫-২ গোলের হারে। তার পরও খানিকটা গুছিয়ে নিতে পারলে হন্ডুরাসকে হারাতে বেগ পাওয়ার কথা নয়। এই বিশ্বকাপের সবচেয়ে বাজে দলের তকমাটা এখনো পর্যন্ত সম্ভবত হন্ডুরাসের গায়েই। প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ছিল যেন ফাউলের প্রতিযোগিতা। পরের ম্যাচে কার্লো কস্টলির গোলে ৩২ বছরের গোল খরা কাটলেও ইকুয়েডরের কাছে ম্যাচ হেরেছে ২-১ গোলে। হারতে পারত আরও বেশি ব্যবধানে। দুই ম্যাচে কার্ড দেখেছে ৬টি, ফাউল করেছে ২৯টি!
প্রশ্ন এখন তাই এটিই, সুইসরা সহজাত খেলতে পারবে কি না! মানাউসের গরম, শেষ ষোলোতে ওঠার চাপ আর এমন মারকুটে প্রতিপক্ষ! এএফপি, রয়টার্স।