শেষটা এর চেয়ে নিখুঁত মনে হয় না আর হতে পারত। ভারতের শেষ উইকেটটি নিয়ে ৮০০ উইকেটের মাইলফলক ছুঁয়েই শেষ করলেন মুত্তিয়া মুরালিধরন। আর সেই ক্যাচটিও নিলেন কিনা মাহেলা জয়াবর্ধনে! উইকেটরক্ষককে বাইরে রাখলে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ব্যাটসম্যানের প্রাণসংহার হয়েছে এই জুটির হাতে। ৯৬টি টেস্ট একসঙ্গে খেলেছেন দুজন, স্কোরকার্ডে ‘ক জয়াবর্ধনে ব মুরালিধরন’ লেখা হয়েছে ৭৭ বার! ১০৭ টেস্ট একসঙ্গে খেলে অনিল কুম্বলের বোলিংয়ে ৫৫টি ক্যাচ নিয়েছেন রাহুল দ্রাবিড়। এই রেকর্ডের চার নম্বরেও আছে দ্রাবিড়ের নাম, হরভজন সিংয়ের বোলিংয়ে ক্যাচ নিয়েছেন ৪৭টি। ৫১ শিকার নিয়ে তিনে আছে শেন ওয়ার্ন-মার্ক টেলর জুটি। ল্যান্স গিবসের বলে ৩৯টি ক্যাচ নিয়েছেন স্যার গ্যারি সোবার্স। রেকর্ডটির সেরা পাঁচে দেখা যাচ্ছে দারুণ দুটি মিল—সব বোলারই স্পিনার আর ফিল্ডাররা বেশির ভাগ ক্যাচ নিয়েছেন স্লিপে। উইকেটরক্ষককেও ধরে রেকর্ডটি লিলি ও মার্শের। টেস্ট ক্রিকেটের ‘ক মার্শ ব লিলি’ হয়েছে ৯৫ বার।