
ডেভিড লুইজের অবিশ্বাস্য ওই ফ্রি-কিকটা এখনো চোখে লেগে থাকার কথা। কিক নেওয়ার ঠিক আগের মুহূর্তটা খেয়াল করেছিলেন? থিয়াগো সিলভা দাঁড়িয়ে ছিলেন লুইজের ঠিক পেছনে। বারবার হাত নেড়ে কলম্বিয়ার রক্ষণপ্রাচীরের ডানে দাঁড়িয়ে থাকা ফ্রেডকে সরতে বলছিলেন। তার মানে কি সিলভা জানতেন লুইজ ঠিক ওই দিকেই কিকটা নেবেন? সে জন্যই ফ্রেডকে অমন ইশারা?
থিয়াগো সিলভা আসলেই বুঝে ফেলেছিলেন কি না, সেটা সম্ভবত কখনোই জানা যাবে না। তবে এটা নিশ্চিত, লুইজ ও সিলভার মধ্যে ঠিক ফুটবলীয় রসায়ন ছাড়াও বাড়তি কিছু একটা আছে। ‘দুই দেহে এক আত্মা’—কথাটা হয়তো বাড়াবাড়ি হয়ে যাবে, তবে সিলভা ও লুইজ সতীর্থের চেয়েও যেন বেশি কিছু। আর দুজনের এই দুর্দান্ত যুগলবন্দীর ভেলায় চড়েই তো ব্রাজিল শেষ চারে গেল। সিলভা পথটা দেখিয়েছিলেন, আর অসাধারণ এক গোলে সমাপ্তি টানলেন লুইজ। সঙ্গে পাদটীকা দেওয়া উচিত, ব্রাজিল আসলে জিতেছে সিলভা-লুইজ নিজেদের আসল কাজটা ঠিকঠাক করেছেন বলেই। কলম্বিয়ার ক্ষুরধার আক্রমণকে ভোঁতাই বানিয়ে রেখেছিলেন ‘মানিকজোড়’।
গ্রুপ পর্বের পরে সিলভা বলেছিলেন, এবারের বিশ্বকাপ ডিফেন্ডারদের জন্য নয়। দ্বিতীয় রাউন্ড পর্যন্ত অন্তত তাঁর কথাই ঠিক মনে হচ্ছিল। অফুরান গোলে দর্শক যতই রোমাঞ্চিত হন, ডিফেন্ডারদের জন্য সেটা দৃষ্টিসুখকর কিছু নয়। দ্বিতীয় রাউন্ডে গোলরক্ষকেরা আলো ছড়ালেন বটে, কিন্তু ডিফেন্ডাররা যেন প্রদীপের নিচে অন্ধকারই। পরশু ম্যাট হামেলস আভাস দিয়েছিলেন তাঁদের দিনটা অন্য রকম যাবে। সেই ‘অন্য রকম’ যে এ রকম হবে, সেটা বোধ হয় লুইজ-সিলভার কেউই ভাবতে পারেননি।
অথচ সিলভাকে নিয়ে কম সমালোচনা তো হয়নি। ব্রাজিল দলটা বেশি আবেগপ্রবণ—কদিন ধরেই শোনা যাচ্ছিল কথাটা। জাতীয় সংগীতের সময় সবার কান্নাভেজা চোখ নিয়ে কম সমালোচনা হয়নি। সিলভা অধিনায়ক, স্বভাবতই তিরটা তাঁর দিকে। শেষ পর্যন্ত বাধ্য হয়েই মুখ খুলতে হলো সিলভাকে, ‘কে কী বলছে তা নিয়ে আমি চিন্তিত নই। মানুষমাত্রই আবেগপ্রবণ। আর আমি এ রকমই।’ পরশুর ব্রাজিল তাই আবেগে যেমন ভেসেছে, তেমনি নিজেদের কাজটাও ঠিকঠাক করেছে। আর অধিনায়কের মতোই সবার সামনে ছিলেন সিলভা।
নেইমারের কর্নার থেকে সিলভার গোলে অবশ্য বিস্ময়ের কিছু ছিল না। ডিফেন্ডাররা অমন গোল করেনই। তবে লুইজেরটা নিশ্চিতভাবেই চমক হয়ে এসেছে। চেলসির হয়ে এ রকম গোল আগেও করেছেন, কিন্তু বিশ্বকাপের মতো বড় মঞ্চে ৩৪ গজি শটে গোল, লুইজ নিশ্চয়ই ভাবেননি?
এখন অবশ্য তাঁর সামনে আরও বড় চ্যালেঞ্জ। সেমিতে নিষেধাজ্ঞার খড়্গে সিলভা খেলতে পারবেন না, লুইজের ঘাড়েই দায়িত্বের বোঝা। সেটা নিতে প্রস্তুতও তিনি, ‘আমরা আমাদের অধিনায়ককে মিস করব, কিন্তু তাতে সমস্যা হবে না। কার সেরাটা কীভাবে বের করে আনতে হয় সেটা স্কলারি ভালোই জানেন।’ ইয়াহু স্পোর্টস।
লুইজের জিনেই ছিল!
কীভাবে অত দূর থেকে গোলটা করলেন? কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড অসপিনা ভেবেছিলেন বলটা বুঝি তাঁর দিকেই আসবে। কিন্তু হাওয়ার মধ্যে গোত্তা খেয়ে সেটা এমনভাবে বাঁক নিল ওসপিনা আর ঠেকাতেই পারলেন না। ডেভিড লুইজের ওই ৩৪ গজি ফ্রি-কিকের রহস্য কী? ব্রাজিল ডিফেন্ডারের ব্যাখ্যাটা মজার, ‘আমার মনে হয় এটা আমার জিনেই ছিল। আমি এ রকম পা নিয়েই জন্মেছি। আর আজ যেভাবে চেয়েছি সেভাবেই বলটা মারতে পেরেছি।’ কিন্তু লুইজ কি ভেবেছিলেন এ রকম একটা গোল করবেন? এখানেও তাঁর রসিকতা, ‘এক বছর ধরেই আমি এটার জন্য অপেক্ষা করছি। উইলিয়ান (চেলসি ও সতীর্থ) আগেও এটা করেছে। আমি খুশি এই ম্যাচে সেটা করতে পেরেছি।’ ফিফাডটকম।
সিলভার হরিষে বিষাদ
ম্যাচটা শেষ হতে পারত শুধুই অবিমিশ্র আনন্দে। এক গোল করেছেন, রক্ষণেও দাঁড়িয়ে ছিলেন চীনের প্রাচীরের মতো—ব্রাজিল অধিনায়ক এক ম্যাচ থেকে এর চেয়ে আর বেশি কী চাইতে পারতেন? ১৯৯৪ বিশ্বকাপে রাইয়ের পর প্রথম অধিনায়ক হিসেবে ব্রাজিলের হয়ে গোলও করেছেন। কিন্তু মুহূর্তের খামখেয়ালিপনা সব আনন্দ মাটি করে দিল। দ্বিতীয়ার্ধে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় হলুদ কার্ড দেখতে হয় সিলভাকে। তার মানে জার্মানির সঙ্গে সেমিফাইনালে দর্শক হয়ে থাকতে হবে তাঁকে। এখন সম্ভবত দান্তেই তাঁর জায়গা নেবেন। সতীর্থের উদ্দেশে সিলভার শুভকামনা, ‘হলুদ কার্ডের জন্য আমি সেমিফাইনাল থেকে ছিটকে গেছি বটে, কিন্তু যে-ই আমার জায়গা নেবে সে কাজটা ঠিকমতো করতে পারবে।’ গোলডটকম।