মানির মুখে কড়া কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপ শেষ। তবে এখনো আলোচনায় ফাইনালের শেষ ওভার। বাংলাদেশ দলের ব্যাটসম্যান মাহমুদউল্লাহকে পাকিস্তানি পেসার আইজাজ চিমার বাধা দেওয়া নিয়ে এসিসি ও আইসিসির কাছে বিসিবির দেওয়া চিঠিই আলোচনায় রেখেছে ওই ওভারটাকে। আলোচনায় সর্বশেষ যোগ দিয়েছেন আইসিসির সাবেক সভাপতি এহসান মানি। শেষ ওভারের ওই ঘটনা নিয়ে বিসিবির পরবর্তী পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেছেন, ‘এটা একটা সস্তা চমক।’এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকাকে মানি বলেছেন, ‘এটা একটা সস্তা চমক...দুর্দান্ত একটা ক্রিকেট ম্যাচকে নষ্ট করছে এই ঘটনা। এ রকম আচরণ ক্রিকেটের চেতনা বিরুদ্ধ।’ বিসিবির দাবিকে অকার্যকরও বলেছেন মানি, ‘সত্যি বলতে কি, এ ধরনের আবেদন জানানোর কোনো সুযোগই নেই। সিদ্ধান্ত নেওয়ার কাজ পুরোপুরিই আম্পায়ারদের। ইউনুস খানের আউটের মতো কিছু ভুল সিদ্ধান্তও তো দেওয়া হয়েছিল ওই ম্যাচে। সেটার বিরুদ্ধে কি এখন কেউ আপিল করতে পারবে? এ ধরনের আবেদন গ্রহণযোগ্য বলেও মনে করি না আমি।’টুর্নামেন্ট চলাকালে বিসিবির কর্মকর্তাদের ইতিবাচক মানসিকতা সবার মন জয় করলেও তাঁদের এই আচরণ এশিয়া কাপে বাংলাদেশ দলের দুর্দান্ত পারফরম্যান্সের ওপর কালিমা লেপন করছে বলে মনে করেন সাবেক আইসিসি সভাপতি, ‘বাংলাদেশই তাদের পারফরম্যান্সটাকে নষ্ট করে দিল, এটা খুবই হতাশাজনক।’ বিসিবির অভিযোগের বিরুদ্ধে পিসিবিকে শক্ত অবস্থান নেওয়ারও পরামর্শ দিয়েছেন মানি।ওদিকে পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার বাসিত আলী পুরো ঘটনায় পাচ্ছেন অন্য কিছুর গন্ধ। বাংলাদেশের দাবিকে ‘ভিত্তিহীন’ বলে অভিযোগ করে বলেছেন, ‘এ ধরনের আবেদনের কোনো অর্থই হয় না। মনে হচ্ছে, পাকিস্তান সফরে না আসার ভিত তৈরি করছে তারা (বিসিবি)।’এসিসি থেকে অবশ্য এরই মধ্যে নাকচ করে দেওয়া হয়েছে বিসিবির আবেদন। তবে বিসিবির কর্মকর্তারা বারবারই বলছেন, ফাইনাল ম্যাচের ফলাফল পরিবর্তনের আবেদন তারা কখনোই করেননি। ওই ঘটনায় পাকিস্তান দলকে যে আম্পায়াররা সর্বোচ্চ শাস্তি দেননি, বিসিবি কেবল সেটাই আনতে চেয়েছিল এসিসির নজরে। এতে পিসিবির সঙ্গে বিসিবির সম্পর্ক নষ্ট হবে না বলেও আশা বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসের, ‘আমাদের অভিযোগ নির্দিষ্ট কোনো দেশ বা ব্যক্তির বিরুদ্ধে নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের সব সময়ই সুসম্পর্ক ছিল। ভবিষ্যতেও থাকবে।’ তথ্যসূত্র: ওয়েবসাইট।