মানুষটার নামই ম্যানচেস্টার ইউনাইটেড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টার দ্রাকোব লেবিদজোব-ইউনাইটেড।
ম্যানচেস্টার দ্রাকোব লেবিদজোব-ইউনাইটেড।

‘হোয়াটস ইন আ নেম—নামে কী আসে যায়!’ যায়, নইলে কী আর ‘দ্য নেম ইজ বন্ড—জেমস বন্ড’ হতো? দ্রাকোব লেবিদজোব অবশ্য জেমস বন্ড হতে চাননি। তবে কি অমলকান্তির মতো রোদ্দুর হতে চেয়েছিলেন? না, দ্রাকোবের চাওয়া এতটা কাব্যিকও নয়। চাওয়াটা খুব সামান্য, দ্রাকোব কেবল ‘ম্যানচেস্টার ইউনাইটেড’ হতে চেয়েছিলেন! এই যাহ, ভ্রু কুঁচকে গেল! ভাবছেন, ইউনাইটেডের খেলোয়াড় হতে চেয়েছিলেন বুঝি? না, তা নয়। দ্রাকোব কেবল ‘ম্যানচেস্টার ইউনাইটেড’ই হতে চেয়েছিলেন। চেয়েছিলেন নিজের নামটাই হোক প্রিয় ক্লাবের নামে!
গল্পের ভেতরে যাওয়ার আগে মূল চরিত্র দ্রাকোবকে জেনে নেওয়া যেতে পারে। ৫০ বছর বয়সী দ্রাকোব থাকেন বুলগেরিয়ার উত্তরাঞ্চলের ছোট্ট শহর বিস্তোবে। শহরটার অবস্থান একেবারে রুমানিয়ার সীমান্তঘেঁষা, দানিয়ুব নদীর তীরে। কিন্তু কেন তিনি ম্যানচেস্টার ইউনাইটেড হতে চান?
তাঁর প্রয়াত বাবা ছিলেন ইউনাইটেডের বিরাট ভক্ত। বলা যায়, উত্তরাধিকার সূত্রেই দ্রাকোব ইউনাইটেড অন্তঃপ্রাণ। সেই সত্তর দশক থেকে ‘রেড ডেভিল’দের খেলা দেখছেন। দ্রাকোবের জীবনের গল্প মোড় নেয় মূলত ১৯৯৯ সালে। সেবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে অতিরিক্ত সময়ে ওলে গানারের গোলে বায়ার্ন মিউনিখকে হারায় ইউনাইটেড। সে ম্যাচ দেখে দ্রাকোব এতটাই আপ্লুত হন, চূড়ান্ত সিদ্ধান্ত তখনই নিয়ে ফেলেন। পিতৃপ্রদত্ত নাম বদলে ‘ম্যানচেস্টার দ্রাকোব লেবিদজোব-ইউনাইটেড’ রাখার সিদ্ধান্ত নেন।
নাম বদলাতে ফাইনালের পরদিন সকালেই ছুটলেন আইনজীবীর কাছে। দ্রাকোবের কথা শুনে আইনজীবীর তো চক্ষু চড়কগাছ! সাতসকালে এ কোন পাগল জুটলরে বাবা! দ্রাকোব কিন্তু সিরিয়াস। সে সময়ের স্মৃতিচারণা করে দ্রাকোব বলেছেন, ‘ওই আইনজীবী আমাকে বলেছিলেন কেবল তিনিই নন, তাঁর কোনো সহকর্মীই এ কেস নেবেন না। তবে তিনি বোঝালেন, আদালতে আমি নিজের যুক্তি তুলে ধরতে পারি। ব্যস, সেই থেকে শুরু।’

দ্রাকোবের ঘর। বোঝাই যাচ্ছে কতটা ইউনাইটেড অন্তঃপ্রাণ তিনি।
দ্রাকোবের ঘর। বোঝাই যাচ্ছে কতটা ইউনাইটেড অন্তঃপ্রাণ তিনি।


শুরু হলো দ্রাকোবের আইনি লড়াই। প্রিয় ক্লাব লড়ে মাঠে আর দ্রাকোব লড়েন আদালতে। বিচারকেরাও তাজ্জব। জীবনে বহু কেস দেখেছেন। এমন অদ্ভুত কেস দেখেছেন কবে! দ্রাকোব আদালতে হাজিরও হতেন অদ্ভুত কায়দায়। মাথায় ইউনাইটেডের টুপি, পরনে লাল জার্সি, গলায় রেড ডেভিলদের উত্তরীয়, বুকে ব্যাজ। আইনি লড়াই চলার সময়ে (২০০২ সালে) এক সাংবাদিককে বলেছিলেন, ‘যখন ইংলিশ ক্লাবটির খেলা চলে তখন আমাকে বাড়িতে খুঁজে পাবেন না। ফুটবলের জন্য যে কোনো কিছু করতে পারি।’ ২০০২ বিশ্বকাপে প্রিয় পোষা বিড়ালটির নামও রেখেছিলেন ‘বেকহাম’ (বেকহাম তখন ইউনাইটেডে খেলতেন)।
১৫ বছর পার হয়েছে। এ সময়ে দানিয়ুবের বুকে বহু জল গড়িয়েছে, কিন্তু দ্রাকোবের আইনি লড়াই থামেনি। তবে এতদিনে লড়াইয়ের যথেষ্ট প্রাপ্তি আছে। শুনুন দ্রাকোবের মুখেই, ‘তারা আমার খ্রিষ্টান নাম বদলে ‘‘ম্যানচেস্টার’’ রাখার অনুমতি দিয়েছে। কিন্তু ডাক নাম ‘‘ইউনাইটেড’’ রাখতে দিচ্ছে না। তাদের আশঙ্কা, এটি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করব। কতটা হাস্যকর ভাবুন! তবে স্রেফ একটি ইংলিশ শহরের (ম্যানচেস্টার) নাম নিতে চাই না।’ এ প্রসঙ্গে দ্রাকোবের যুক্তি, ‘আমি কখনই তাদের নামের অপব্যবহার করিনি। অনেকে এ নাম ব্যবহার করে ব্যবসা করার প্রস্তাব দিয়েছে, রাজি হয়নি।’ তবে সুসংবাদ, দেড় দশকের লড়াই শেষে তাঁর জাতীয় পরিচয়পত্রে অফিসিয়াল ডাকনাম হিসেবে ‘ইউনাইটেড’ ব্যবহার করার অনুমতি পেয়েছেন। তবে এতেও সন্তুষ্ট নন তিনি। জানিয়েছেন, পুরো নাম পরিবর্তন না হওয়া পর্যন্ত লড়াই চলবে, ‘কেবল নিজের কাছেই প্রতিশ্রুতিবদ্ধ নয়, ঈশ্বরের কসম, শেষ নিঃশ্বাস পর্যন্ত নাম পরিবর্তনের লড়াই চালাব।’
তাঁর এ ‘সংগ্রামে’র ওপর বুলগেরিয়ান ভাষায় নির্মিত হয়েছে প্রামাণ্য চলচ্চিত্র—‘মাই মেট ম্যানচেস্টার ইউনাইটেড’। তাঁকে যাঁরা পৃথিবীর আলো দেখালেন, তাঁরা কী ভাবছেন? দ্রাকোবের জবাব, ‘মা বলেছেন, যদি আমার ভালো লাগে, তবে তিনিও খুশি। বাবা আকাশ থেকে দেখছেন এবং আমাকে নিয়ে গর্ববোধ করছেন।’ দ্রাকোব এখনো বিয়েশাদি করেননি। মাকে নিয়েই থাকেন বিস্তোবে। তবে তাঁর ইচ্ছে ভবিষ্যতে পুত্রসন্তানের জনক হলে, ছেলেকেও ম্যানচেস্টার ইউনাইটেড বলেই ডাকবেন। যদি ছেলে পছন্দ না করে? দ্রাকোবের ঝটপট উত্তর, ‘যদি না ভালো লাগে ১৮-এর পর বদলে ফেলবে।’ ইউনাইটেডের প্রতি এক সমর্থকের নিখাদ ভালোবাসার এমন বিরল দৃষ্টান্ত এ স্বার্থের দুনিয়ায় কি দুটি মিলবে?

‘মাই মেট ম্যানচেস্টার ইউনাইটেড’ প্রামাণ্য চলচ্চিত্রের অংশবিশেষ দেখুন: