প্রথম বাঙালি নারী হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছেন দীপা কর্মকার। জিমন্যাস্টিকসে ভারতের ত্রিপুরা রাজ্যের মেয়ের এমন কীর্তি অনুপ্রাণিত করছে আরেক বাঙালি মেয়ে মাবিয়া আক্তার সীমান্তকে।
ভারতের জিমন্যাস্ট দীপা সরাসরি অলিম্পিকে খেলবেন—তথ্যটা জানাতেই এসএ গেমসে ভারোত্তোলনে সোনাজয়ী মাবিয়া কাল বললেন, ‘বাঙালি মেয়ে হয়ে দীপা যদি অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে, তাহলে আমি কেন পারব না? আমিও নিজের সেরাটাই দিতে চাই অলিম্পিকের বাছাইপর্বে।’
২১-৩০ এপ্রিল উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতার মাহাত্ম্য মাবিয়ার কাছে আরও বেড়ে যাচ্ছে, কারণ এটি আগামী রিও অলিম্পিকের বাছাইপর্বও বটে। এই প্রতিযোগিতায় অংশ নিতে আজ সকালে ঢাকা ছাড়ছে পাঁচ সদস্যের ভারোত্তোলক দল। মাবিয়া ছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নেবেন গত এসএ গেমসে ৫৮ কেজিতে রুপাজয়ী ফুলপতি চাকমা, ৬৯ কেজিতে রুপাজয়ী রোকেয়া সুলতানা, ৪৮ কেজিতে ব্রোঞ্জজয়ী মোল্লা সাবিরা সুলতানা। কোচ হিসেবে বরাবরের মতোই যাচ্ছেন শাহরিয়া সুলতানা।
ওয়াইল্ড কার্ড নয়, সরাসরি নিজের যোগ্যতাবলেই অলিম্পিকে খেলতে চান মাবিয়া। এই প্রতিযোগিতায় কোনো ভারোত্তোলক র্যাঙ্কিংয়ের সেরা ষোলোর মধ্যে থাকলেই পাবেন সরাসরি অলিম্পিকে খেলার টিকিট। মাবিয়াও নিজের পারফরম্যান্স নিয়ে আশাবাদী, ‘মহিউদ্দিন স্যার (ফেডারেশনের সাধারণ সম্পাদক) বলেছেন, তুমি তোমার সেরাটা ওখানে খেলবে, তাহলেই একটা কিছু হতে পারে। আমিও এই আশা নিয়ে উজবেকিস্তান যাচ্ছি। নিজেকে উজাড় করে খেলতে চাই।’ গত বছরের ডিসেম্বরে ভারতে কমনওয়েলথ ভারোত্তোলনে সোনা জেতেন মাবিয়া। এরপর গত ফেব্রুয়ারিতে ভারতে এসএ গেমসে জেতেন আরেকটি সোনা