হকি মাঠে তাণ্ডব যে হতে পারে, এমন শঙ্কা আগেভাগেই করেছিলেন ফেডারেশন সাধারণ সম্পাদক আবদুস সাদেক। তারপরও লিগের শিরোপা নির্ধারণী ম্যাচটি যাতে ভালোয় ভালোয় শেষ হতে পারে, এ জন্য খেলা শুরুর আগে মেরিনার্সের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানাকে টেলিফোনে অনুরোধ করেছিলেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচটির সুন্দর সমাপ্তি হলো না। এ নিয়েই কাল আক্ষেপ করছিলেন আবদুস সাদেক, ‘তাঁকে বললাম, আপনারা চ্যাম্পিয়ন হলে আমি খুশি হব। প্লিজ, ডোন্ট ক্রিয়েট এনি প্রবলেম। এটাই শেষ খেলা। তিনি কথাও দিয়েছিলেন যে গন্ডগোল করবেন না।’ কিন্তু শেষ পর্যন্ত মেরিনার্স সমর্থকদের হামলায় ভিআইপি বক্স লন্ডভন্ড হয়েছে। চেয়ার ও কাচ ভাঙা হয়েছে। সব মিলিয়ে প্রায় দেড় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। সেই ক্ষতিপূরণ পেতে এবং ভবিষ্যতে এই গুন্ডামি রুখতে মামলা করার সিদ্ধান্ত নিচ্ছে হকি ফেডারেশন।
থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রাথমিক সিদ্ধান্ত থেকে সরে এসে মেরিনার্স ক্লাবের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে শুধু মামলা করেই থামছে না ফেডারেশন, ঈদের পরপরই হতে যাওয়া লিগ কমিটির প্রথম সভায় বড় রকমের শাস্তিও হতে পারে মেরিনার্সের। ২৭ বছর পর প্রথম চ্যাম্পিয়ন হওয়া মেরিনার্সের শিরোপা কেড়ে নেওয়া হবে কি না, কাল এমন আলোচনাও হয়েছে কর্মকর্তাদের মধ্যে। তবে খেলোয়াড়দের মনে কষ্ট দেওয়ার পক্ষে নন আবদুস সাদেক, ‘ছেলেরা খেলেই ওটা অর্জন করছে। ওদের তো শাস্তি দিতে পারি না। এটা উচিতও হবে না। ঈদের ছুটির পর লিগ কমিটির সভায় এই ক্লাবের বিরুদ্ধে আর্থিক দণ্ড ও নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হতে পারে।’
হকি মাঠে ভাঙচুরের ঘটনায় ফেডারেশন সভাপতি, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু এসরারও ভীষণ ক্ষুব্ধ। বারবার হকির নেতিবাচক শিরোনাম দেখতে চান না তিনি।