মামলা করবেন ক্রনিয়ের বাবা
ভারতীয় পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন হানসি ক্রনিয়ের বাবা ইউয়ি ক্রনিয়ে। ২০০০ সালের ম্যাচ পাতানো কেলেঙ্কারির অভিযোগপত্রে প্রয়াত ছেলের নাম দেওয়াতেই এই হুমকি দিয়েছেন ইউয়ি। কয়েক দিন আগে ভারতীয় পুলিশ ক্রনিয়ে ও পাঁচ আন্তর্জাতিক বাজিকরের নামে অভিযোগপত্র দেয়। তবে দিল্লির এক আদালত ২০০২ সালে বিমান দুর্ঘটনায় নিহত ক্রনিয়ের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন।যাই হোক, অভিযোগপত্রে বলা হয়েছে, বাজিকর সঞ্জীব চাওলার কাছ থেকে দুই কিস্তিতে ১ কোটি ২০ লাখ রুপিরও বেশি অর্থ নিয়েছেন ক্রনিয়ে। তবে ক্রনিয়ের বাবা বলছেন, অর্থের এক-চতুর্থাংশও পাননি তাঁর ছেলে। ইউয়ি ক্রনিয়ে দক্ষিণ আফ্রিকার দৈনিক বিল্ডকে বলেছেন, দিল্লি পুলিশের এই দাবি একেবারেই অযৌক্তিক, ‘এটা অযৌক্তিক। টাকা গেল কোথায়? আমি ভারতীয় পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি।’ ওয়েবসাইট।