মামলা জিতলেন কেয়ার্নস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত আলটপকা মন্তব্য করে আক্কেলসেলামি দিতে হচ্ছে লোলিত মোদিকে। তা-ও আবার ৯০ হাজার পাউন্ড (১ কোটি ১৭ লাখ টাকা প্রায়)! ২০১০ সালের জানুয়ারিতে আইপিএলের সে সময়কার প্রধান টুইটারে মন্তব্য করেন, ক্রিস কেয়ার্নস ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত। বিদ্রোহী লিগ আইসিএলে খেলার সময় নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার বাজিকরদের কাছ থেকে টাকা নিয়েছিলেন। এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে কেয়ার্নস তা প্রত্যাহার করে নিতে বলেন। কিন্তু মোদি তাতে সাড়া না দেওয়ায় লন্ডনের আদালতে মামলা ঠুকে দেন কেয়ার্নস। বর্তমানে মোদি লন্ডনেরই বাসিন্দা। সেই মামলার রায় হলো কাল। রায়ে লন্ডন হাইকোর্টের বিচারক বলেছেন, মোদি তাঁর বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। এমন মন্তব্যে কেয়ার্নসের সততা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলেন আদালত। মামলার আরজিতে কেয়ার্নস এও বলেছিলেন, মোদির এই মন্তব্য তাঁর দাম্পত্য জীবনেও ফাটল ধরিয়েছিল। তাঁর স্ত্রী সন্দেহ করতে শুরু করেছিলেন, কেয়ার্নস হয়তো অন্যায় কোনো কিছুর সঙ্গে জড়িত। তা ছাড়া বন্ধুমহলেও সম্মানহানি ঘটেছিল তাঁর।আইপিএল থেকে নির্বাসিত হওয়ার পর মোদির নামে ভারতেও বেশ কিছু মামলা ও তদন্ত চলছে। কদিন আগে একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান মোদির কাছে বকেয়া বিল দাবি করে মামলা করে। সময়মতো টাকা পরিশোধ না করায় আদালত মোদিকে দেউলিয়া ঘোষণা করেন। কেয়ার্নসের মামলায় নিউজিল্যান্ডের সাবেক তারকার আইনজীবীর খরচটাও মোদিকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সেই অঙ্কটা আবার ৪ লাখ পাউন্ডের (৫ কোটি ২১ লাখ টাকা)! ২৮ দিনের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে মোদিকে। ওয়েবসাইট।