মামলা জিতেছেন ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমতি ছাড়াই ডিয়েগো ম্যারাডোনার ছবি ও স্বাক্ষর ব্যবহার করে অনলাইন কম্পিউটার গেমস তৈরি করেছিল চীনের দুটি কোম্পানি। ছবির স্বত্ব লঙ্ঘনের অভিযোগ এনে মামলা ঠুকে দিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। সেখানে জয়ও পেয়েছেন। এখন ক্ষতিপূরণ হিসেবে তিনি পাবেন প্রায় পাঁচ লাখ মার্কিন ডলার।সাংহাইভিত্তিক প্রতিষ্ঠান নাইন ইনফরমেশন টেকনোলজি ও নাইট কম্পিউটার টেকনোলজি নামের দুটি কোম্পানি যৌথভাবে তৈরি করেছিল হট-ব্লাডেড সকার নামের এই অনলাইন গেমসটি। এখানে ব্যবহার করা হয়েছিল ম্যারাডোনার একটি কার্টুন ও স্বাক্ষর। ছবির স্বত্ব লঙ্ঘনের জন্য ম্যারাডোনা দাবি করেছিলেন ৩২ লাখ ৬৬ হাজার ডলার। ছবি-স্বাক্ষর নিয়ে জার্মান একটি প্রতিষ্ঠানের সঙ্গে এ পরিমাণ অর্থেরই চুক্তি হয়েছিল বলে দাবি করেছিলেন ম্যারাডোনার আইনজীবী। তবে আদালতে এই যুক্তি টেকেনি। গেমসটিতে ম্যারাডোনার ছবিটি যতটা সময় ব্যবহার করা হয়েছিল, তার ওপর ভিত্তি করেই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। অনলাইন এই গেমসটি প্রকাশিত হয়েছিল চীনের একটি জনপ্রিয় পোর্টালে। আদালত সিনা নামের এই পোর্টালটিকেও দুঃখ প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। তবে তাদের কোনো আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে না। ইতিমধ্যে গেমসটি ওয়েবসাইট থেকে সরিয়েও ফেলা হয়েছে বলে জানিয়েছে চীনের একটি দৈনিক। বিবিসি অনলাইন