মাঠ কাঁপিয়ে ক্রিকেট খেলছেন, পাশাপাশি চুটিয়ে বিজ্ঞাপনও করছেন অনেক ক্রিকেটার। কিন্তু যে পণ্যের গুণ গাইতে কাঁড়ি কাঁড়ি টাকা নেন, সেই পণ্যটা কেমন সেটা কি আদৌ তাঁরা যাচাই করে দেখেন? এত দিন না করলেও এখন থেকে নিশ্চয়ই করবেন। ‘ভেজাল’ খাবারের প্রচারণার দায়ে ফেঁসে গেছেন আট ক্রিকেটার—টেন্ডুলকার, ধোনি, কোহলি, রায়না, যুবরাজ, গম্ভীর, শেবাগ, জহির। সাহারা গ্রুপের তৈরি জ্যাম, জেলিতে পাওয়া গেছে ক্ষতিকর উপাদান। আর এটার প্রচারণার জন্য উত্তরাখন্ডে মামলা ঠুকে দেওয়া হয়েছে এই আট ক্রিকেটারের নামে। ওয়েবসাইট।
জিকোর পরামর্শ
নেইমার-বালোতেল্লির সামর্থ্য নিয়ে সন্দেহ নেই। কিন্তু মাঠের চেয়ে মাঠের বাইরের কাণ্ডকীর্তি বেশি আলোচনায় এলে তো সমস্যা! ফ্যাশনদুরস্ত হিসেবে নেইমারের ‘খ্যাতি’ এখন ব্রাজিলজুড়ে, আর খ্যাপাটে বালোতেল্লির কাণ্ডকীর্তি নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু জিকো তাঁদের পরামর্শ দিচ্ছেন খেলার বাইরের সবকিছু থেকে সরিয়ে মনোযোগটা শুধু ফুটবলেই দিতে। তাহলেই এঁরা দুজন ‘ভালো’ থেকে ‘গ্রেট’ হয়ে উঠবেন বলে বিশ্বাস ব্রাজিলের সাবেক তারকার। ওয়েবসাইট।