মামলার হুমকি ম্যারাডোনার
হুলিও গ্রন্দোনা মিথ্যেবাদী, প্রতারক—গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের পর আর্জেন্টিনার কোচ হিসেবে কাজ করার ক্ষেত্রে শর্তজুড়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এই মন্তব্য করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। বিশ্বকাপের পর থেকে ২০১০ সালের পুরোটা সময়েই চলেছে গ্রন্দোনা-ম্যারাডোনা বাকযুদ্ধ। মাঝে কয়েকটা মাস বিরতির পর আবার শুরু হয়েছে সেই বাকযুদ্ধ। তবে এবার তা কোচ ইস্যুতে নয়, ম্যারাডোনার ‘ড্রাগ’ ইস্যুতে!বিতর্কের শুরুটা করেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট গ্রন্দোনা। গত সপ্তাহে আর্জেন্টিনার স্থানীয় একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে ম্যারাডোনার ‘ড্রাগ ইস্যুর’ প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমি বুড়ো, তার পরও সুস্থ আছি। অন্যদের মতো সমস্যা সৃষ্টি করিনি।’ আর যায় কোথায়! ক্ষুব্ধ ম্যারাডোনা হুমকি দিয়েছেন এই মন্তব্যের জন্য গ্রন্দোনাকে আদালতে নিয়ে যাওয়ার।‘এবার আমি ব্যবস্থা নিতে যাচ্ছি। আমার আইনজীবীরা যে প্রশ্নটা উত্থাপন করবেন, এর জবাব তাঁকে দিতেই হবে’—গ্রন্দোনার মন্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল রোববার বলেন ম্যারাডোনা। আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলার দাবি করেন, সাত বছর থেকে ড্রাগ থেকে দূরে আছেন তিনি। ওয়েবসাইট।