মামলায় জর্জরিত শ্যুটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট বাদে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে যে খেলাটি বাংলাদেশকে আন্তর্জাতিক গৌরব এনে দিয়েছে সবচেয়ে বেশি, সেই শ্যুটিং এখন মামলায় জর্জরিত। নিম্ন আদালতে তিনটি, উচ্চ আদালতে দুটি—মোট পাঁচটি মামলা রয়েছে শ্যুটিং-সংক্রান্ত। দেশের সম্ভাবনাময় শ্যুটিংয়ের এগিয়ে চলা তাই চরমভাবেই ব্যাহত।ম্যাজিস্ট্রেট কোর্টে দায়ের করা তিন মামলার দুটি ২০০৬ সালের অক্টোবরে শ্যুটিং রেঞ্জে শ্যুটার আসিফ, শোয়েবদের ওপর পুলিশি হামলার ব্যাপারে। পুলিশের বিরুদ্ধে ফেডারেশন এবং আসিফসহ চারজনের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা করেছে পুলিশ। ফেডারেশনের সাবেক কোষাধ্যক্ষ হেলালউদ্দিনের বিরুদ্ধে ফেডারেশনের করা অন্য মামলাটি এক লাখ টাকা আত্মসাতের।উচ্চ আদালতে করা দুটি মামলা (হাইকোর্টে রিট) শ্যুটিংয়ের কাজকর্ম স্থবির করে ফেলেছে। ফেডারেশনের বর্তমান কমিটিকে অবৈধ দাবি করে পটুয়াখালী রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম ও ভোলা রাইফেল ক্লাবের সদস্য হামিদুল হক মোল্লা গত বছর ২৩ ফেব্রুয়ারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহান উদ্দিনের বেঞ্চে এই রিট করেন (রিট নম্বর ১২১৮/০৯)। ফেডারেশনের বর্তমান কমিটিকে অবৈধ ঘোষণা করে এ বছর ১০ মার্চ এই মামলার রায় দিয়েছেন হাইকোর্ট। কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন, সেই কমিটিতে বর্তমান কমিটির কেউ থাকতে পারবে না বলে নির্দেশনা ছিল আদালতের।রায়ের পর লিভ টু আপিল (৬৬৩ নম্বর) করে ফেডারেশন। আগামী ৩০ সেপ্টেম্বর তা চূড়ান্ত শুনানির জন্য অপেক্ষা করছে। এ মামলায় হাইকোর্টে শুনানি বেশি হয়নি, তবে আপিল বিভাগে ৮ বার শুনানির দিন ধার্য থাকলেও এখনো শুনানি হয়নি। তবে হাইকোর্টের রায়ের ওপর চেম্বার জজ এ বছরের ৫ এপ্রিল স্থিতাবস্থা দিয়েছেন। যার অর্থ, এখন যেভাবে চলছে সেভাবে চলবে ফেডারেশন, কিন্তু নতুন কোনো পরিকল্পনা বা নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া যাবে না।হাইকোর্টের একই বেঞ্চে করা অন্য মামলার বাদী শ্যুটিং ফেডারেশনের সাবেক রেঞ্জ অফিসার মোহাম্মদ শাহাবুদ্দিন মানিক। বর্তমান কমিটি ২০০৯ সালে ৫ জানুয়ারি দায়িত্ব নেওয়ার আগেই তিনি চাকরিচ্যুত হন। গত এপ্রিলে তিনি মামলাটি করেন (৩৪৯৪/১০)। বাদীর দাবি, শ্যুটিং ফেডারেশন যে কমিউনিটি সেন্টার ভাড়া দিচ্ছে তা অবৈধ। যদিও এই মামলা তিনি করতে পারেন কি না, সেই প্রশ্ন আছে ফেডারেশন সম্পাদক ইশতিয়াক আহমেদের। মামলার পর কমিউনিটি সেন্টার ভাড়া দেওয়ার ওপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত।বাদীর দাবি, রাজউক আইন অনুযায়ী রেঞ্জের ৫ বিঘা জমিতে শ্যুটিং ছাড়া আর কিছু করা যাবে না। সেখানে তাই কমিউনিটি সেন্টার ভাড়া দেওয়া বেআইনি। ফেডারেশনের সাধারণ সম্পাদকের দাবি, ‘কমিউনিটি সেন্টার করার সময় এটি আবাসিক এলাকা ছিল। পরে রাজউক শ্যুটিং ক্লাব থেকে গুলশান ২ পর্যন্ত বসতবাড়ির জায়গাগুলোকে বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি দিয়েছে। এখন যাতে এটিকে বাণিজ্যিকীকরণ করতে না পারে ফেডারেশন, সে জন্যই এই মামলা।’ফেডারেশন বলছে, মামলার কারণে বার্ষিক সাধারণ সভা করা যাচ্ছে না, বিদেশ থেকে শ্যুটিংয়ের কাজে গুলি আনার অনুমতি দিচ্ছে না সরকার, টাকার অভাবে প্রশিক্ষণ ব্যাহত, প্রতিভা অন্বেষণ কর্মসূচি বন্ধ হয়ে আছে।ফেডারেশনের আয়ের উৎস কমিউনিটি সেন্টারটি ২০০০ সালে করার পর ফখরুদ্দিন বাবুর্চির মাধ্যমে ব্যবহার করে বছরে গড়ে ৮০ লাখ টাকা আয় হতো। ২০০৯ সালের ৫ জানুয়ারি বর্তমান কমিটি আসার পর জাতীয় ক্রীড়া পরিষদের অনাপত্তিক্রমে ৩ কোটি ৮৬ লাখ টাকায় তা ভাড়া দেওয়ার জন্য চুক্তি হয় নন্দন ফুড ও বেভারেজের সঙ্গে। ১ কোটি ৬৮ লাখ টাকা অগ্রিমও নেওয়া হয়। ওই টাকা দিয়ে ক্লাবগুলোকে বিনা মূল্যে দেওয়ার জন্য তুরস্ক থেকে ১২০টি রাইফেল ও এসএ গেমসের জন্য ৬৮ লাখ টাকার গোলা-বরুদ আনে ফেডারেশন।ফেডারেশন সম্পাদকের দাবি, ‘ফেডারেশনের কাউন্সিলর না হলেও সাবেক সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন চৌধুরী এসব করাচ্ছেন, সব কলকাঠি নাড়ছেন তিনিই। নইলে ৫ হাজার টাকা বেতন পাওয়া কর্মচারী কী করে হাইকোর্টে মামলা করেন।’ এ ব্যাপারে নাজিমউদ্দিন বলেন, ‘আমি মামলা করাব কেন? আমি এ ব্যাপারে কিছু জানি না। অভিযোগ সত্য নয়।’ওদিকে সরকারি কৌঁসুলির মাধ্যমে গত মার্চে আসিফের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আবেদন জানানো হয়েছিল ঢাকা জেলা প্রশাসকের কাছে। পিপির মতামত নিতে নিতেই নাকি সময় শেষ! বিষয়টি তাই ঝুলে আছে। এর ফলে আসিফের শ্যুটিং ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব মিলিয়ে গোটা শ্যুটিংই স্থবির হয়ে পড়েছে।