মামলায় হেরে বিপাকে শ্যুটিং ফেডারেশন
শ্যুটিং ফেডারেশনের আয়ের মূল উৎস গুলশানে জাতীয় শ্যুটিং কমপ্লেক্সের নিজস্ব মিলনায়তন। কিন্তু মিলনায়তন ভাড়া দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছে গত এপ্রিলে। পরশু হাইকোর্টের একটি বেঞ্চের রায় গেছে ফেডারেশনের বিরুদ্ধে।২০০৯ সাল পর্যন্ত বছরে সর্বোচ্চ এক কোটি টাকা আয় হতো মিলনায়তন ভাড়া বাবদ। এরপর ক্রীড়া পরিষদের অনুমোদন নিয়ে নন্দন মেগা শপকে বছরে ৩ কোটি ৮৬ লাখ টাকায় মিলনায়তন ভাড়া দেয় ফেডারেশনের নতুন কমিটি। কিন্তু শ্যুটিং ফেডারেশনের সাবেক রেঞ্জ অফিসার এস এম শাহাবুদ্দিন (মানিক) হাইকোর্টে করা মামলায় দাবি করেন, রাজউকের বিধি অনুযায়ী এই মিলনায়তন ভাড়া দেওয়া অবৈধ।কয়েক দফা শুনানির পর রায়ে আদালত বলেছেন, যেহেতু শ্যুটিং ফেডারেশনকে এক টাকায় এই স্থাপনা দিয়েছে রাজউক, তাই দলিলের শর্ত অনুযায়ী শ্যুটিং ছাড়া অন্য কোনো কাজে এটি ব্যবহার করে যাবে না।এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল আবেদনের প্রস্তুতি নিচ্ছে ফেডারেশন। হাইকোর্টের রায়ই বহাল থাকলে কী হবে? শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ অপেক্ষায় থাকতে চান। তবে এও বলছেন, ‘এ রায়ের ফলে আমাদের সব কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ল।’উল্লেখ্য, নন্দনের কার্যক্রম শুরুর আগেই মামলা হওয়ায় তা আর চালুই হয়নি। এ কারণে ২০১০ সালে মিলনায়তন থেকে কোনো আয় নেই ফেডারেশনের। সঞ্চয় ছিল ১ কোটি ৬০ লাখ টাকা, সেখান থেকে ১ কোটি টাকার মতো খরচ করে ফেলেছে ফেডারেশন।