মামাতের মুখেই জয়ের হাসি

হাতে রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি-সংবলিত সোনালি রঙের ট্রফি। তার আগে হাসি মুখে ক্লান্তিহীনভাবে অটোগ্রাফ দিয়ে গেলেন, বলতে গেলে এমন কেউ বাকি থাকলেন না যাঁর সঙ্গে সেলফিবন্দী হলেন না মারদান মামাত!
দেশের মাটিতে প্রথম এশিয়ান ট্যুরের আয়োজক বাংলাদেশ গলফ ফেডারেশনের চাওয়াটা ছিল ট্রফিটা দেশেই থাকুক। সিদ্দিকুর রহমান, জামাল হোসেন, দুলাল হোসেন বা সাখাওয়াত হোসেনদের কারও হাতেই ওটা কাঙ্ক্ষিত ছিল। শেষ পর্যন্ত ঘরের কোর্সে তাঁদের মুগ্ধ দর্শক বানিয়ে সিঙ্গাপুরে শিরোপা নিয়ে গেলেন মামাত। সিদ্দিকুর-জামালরা তাকিয়ে তাকিয়ে দেখলেন। বলা হচ্ছিল, হাতের তালুর মতো চেনা এই কোর্স। শুরু থেকেই আশার বেলুনে বাতাস দিয়েছিলেন স্থানীয় গলফাররা। কিন্তু সেই বেলুন এভাবে চুপসে যাবে তা হয়তো কেউ ভাবেননি।
নিজের পঞ্চম এশিয়ান ট্যুর শিরোপাটি মামাত জিতেছেন শুরু থেকেই ধারাবাহিক থেকে, গত তিন রাউন্ডেই ৬টি করে বার্ডি পেয়েছেন। তুলনায় কাল শেষ রাউন্ডটা একটু খারাপ গেল—৩টি মাত্র বার্ডি। শিরোপা হাতছাড়া হওয়ার মতো দুশ্চিন্তা তবু ছিল না। প্রচণ্ড গরমে ঘামতে ঘামতেও শেষ রাউন্ডে খেলেছেন ২ আন্ডার পার। সব মিলিয়ে ১৪ আন্ডার পার স্কোরে সাড়ে ৩ লাখ ডলার প্রাইজমানির টুর্নামেন্টে জিতলেন ৫৪ হাজার মার্কিন ডলার। ১২ আন্ডার পার খেলে যুগ্মভাবে রানার্সআপ কোরিয়ার সুমিন লি এবং ভারতের খালিন যোশি।
বাংলাদেশের ৩১ গলফারের মধ্যে সেরা সাখাওয়াত হোসেন, চার রাউন্ড মিলিয়ে ২ আন্ডার পার খেলে যৌথভাবে ১৯তম। স্থানীয় পেশাদার গলফারদের মধ্যে সেরা হওয়ায় একটা ট্রফিও পেয়েছেন। শৌখিনদের মধ্যে সেরা হয়েছেন ২৪ বছর বয়সী দিল মোহাম্মদ, পারের চেয়ে ৪ শট বেশি খেলে যৌথভাবে ৩৮তম। একই স্কোরে ৩৮তম সিদ্দিকুর ও দুলাল।
আয়োজক দেশের গলফারদের বাজে পারফরম্যান্সে হতাশ সিদ্দিকুর। চেনা কোর্সে ভালো না করার ব্যাখ্যাও দিলেন, ‘প্রথমত এখানে আন্তর্জাতিক মানের অনেক গলফার খেলেছেন। নতুন মুখ দেখে অনেকে চাপে পড়ে গেছে। দ্বিতীয়ত, প্রচণ্ড গরম, বৃষ্টি, ঝোড়ো হাওয়ার মধ্যে খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা।’
পুরস্কার বিতরণী মঞ্চে ট্রফিটা মাথার ওপর তুলে গলফের থিম সংয়ের তালে কোমর দুলিয়ে নাচলেন মামাত। সংবাদ সম্মেলনেও ফুরফুরে চ্যাম্পিয়ন, ‘কাল (পরশু) রাতেই সিঙ্গাপুর থেকে স্ত্রী খুদে বার্তা পাঠিয়েছিল—তুমিই চ্যাম্পিয়ন।’ বাংলাদেশের প্রথম এশিয়ান ট্যুর জেতায় কুর্মিটোলা গলফ কোর্সের সঙ্গে যেন ভালোবাসার বন্ধনে জড়িয়ে গেছেন মামাত, ‘আগামী বছরও আসব। এটা আমার একটা প্রিয় কোর্স। বাংলাদেশের প্রথম এশিয়ান ট্যুর জিতেছি বলে এটা আমার জন্য বিশেষ কিছু।’ এমন গরমের কথা বিবেচনা করে ফেডারেশন শীতকালে আয়োজন করতে চায় পরের এশিয়ান ট্যুর। আয়োজক কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান জানালেন, ‘এবারের মতো গরমের মধ্যে আর ট্যুর করতে চাই না। এশিয়ান ট্যুরের সবাই আমাদের প্রথম আয়োজনে সন্তুষ্ট। আমাদের প্রস্তাব অনুযায়ী আগামী মার্চের তৃতীয় সপ্তাহে হতে পারে পরেরটি।’
সংবাদ সম্মেলনের সময় টেলিভিশনে বাংলাদেশ-সিঙ্গাপুর প্রীতি ফুটবল ম্যাচটি দেখছিলেন মামাত। পিছিয়ে পড়া স্কোরলাইন দেখে বললেন, ‘মাত্র তো ৯ মিনিট গেল। এগিয়ে যাও সিঙ্গাপুর।’ শেষ পর্যন্ত ফুটবলেও জিতেছে মামাতের দেশ।
গলফ কোর্সে সিঙ্গাপুর, ফুটবল মাঠেও সিঙ্গাপুর—ঢাকার কালকের দিনটাই ছিল মামাতদের।