মামুনুলকে নিয়ে শঙ্কা

ডান পায়ে ‘নি-গার্ড’ বাঁধা। হাঁটতে পারছেন। কিন্তু সাফে খেলতে পারবেন তো মামুনুল ইসলাম?
শঙ্কা ছড়িয়ে পড়েছে বাংলাদেশ দলে। প্লে-মেকার, মাঝমাঠের মেরুদণ্ড—এসব বিশেষণও আসলে বোঝাতে পারছে না দলে তাঁর অপরিহার্যতা। অথচ ৩১ আগস্ট কাঠমান্ডুতে শুরু ‘বাংলাদেশের বিশ্বকাপে’ অধিনায়কই অনিশ্চিত!
গত বুধবার শেখ জামালের বিপক্ষে জাতীয় দলের অনুশীলন ম্যাচটা এমন অলক্ষুনে হয়ে আসবে, কে জানত! শেখ জামালের এক আফ্রিকান খেলোয়াড়ের পেছন থেকে ট্যাকলে গোড়ালিতে চোট লাগে মামুনুলের। সেটিরই পার্শ্বপ্রতিক্রিয়ায় ব্যথা হাঁটুতে।
এই কদিনে সেরে উঠতে পারবেন কি না, উত্তর জানা নেই কারও। মামুনুলও জানেন না তাঁর জন্য আসলে কী অপেক্ষা করছে, ‘দুই দিন বিশ্রামে থাকতে বলা হয়েছে আমাকে। কাল (আজ) এমআরআই করার পর বোঝা যাবে খেলতে পারব কি না।’
এমআরআই যদি নেতিবাচক রিপোর্ট দেয়? সেই ধাক্কা সামলানো কঠিন হয়ে পড়বে লাল-সবুজের সাফ মিশনে। মামুনুলকে ছাড়া এই সময়ে বাংলাদেশ দল ভাবাই কঠিন। কোচ লোডভিক ডি ক্রুইফ সেটি ভালোই জানেন। আর জানেন বলেই দলে যে করেই হোক চাইছেন তাঁর অধিনায়ককে। কথা বলেছেন ডেকে, দিয়েছেন সাহস।
মামুনুল বলছিলেন, ‘৪৮ ঘণ্টা পরই বোঝা যাবে আসলে হাঁটুর কী অবস্থা। বড় আঘাত হলে হয়তো কিছু করার থাকবে না। তবে হালকা আঘাত হলে খেলতে অসুবিধা হওয়ার কথা নয়। আসলে পুরো ব্যাপারটাই ডাক্তারের হাতে ছেড়ে দিতে হচ্ছে। ডাক্তার কী বলেন, সেটি আগে জানা দরকার।’
তবে ‘ব্যথা আগের চেয়ে কমেছে’ বলে নিজে আশাবাদী থাকতে চান। সাফে খেলতে এতটাই উন্মুখ যে বলছেন, ‘এক পা নিয়েও খেলতে চাই। সাফ টুর্নামেন্ট আমাদের জন্য দুই বছর পর পর আসে। এবার সাফে ভালো করতে খেলোয়াড়, ফেডারেশন, কোচ সবাই পরিশ্রম করছে। কাজেই মন তো চাইছে এক পা কেটে নিলেও খেলি।’
কিন্তু ফুটবল তো আর আবেগ দিয়ে খেলা যায় না। মাঠে খেলোয়াড়কে শতভাগ ভাগ ফিট হতে হবে। আধা ফিট খেলোয়াড় নামানোর ঝুঁকি কোচ নিতে চান না। দলের জন্য অর্ধেক ফিট খেলোয়াড় মামুনুলের চোখে ‘ক্ষতিকরও।’ এও মনে করেন, ‘যে সবচেয়ে ফিট, তাকেই খেলানো উচিত।’ তবে এই চোটের ‘ইতিবাচক’ একটা দিকও দেখছেন ২০০৬ সালে জাতীয় দলে অভিষিক্ত মামুনুল। হাঁটু কিন্তু ফুলে যায়নি। পরক্ষণেই অবশ্য নেতিবাচক দিকটাও খুঁজে নিলেন, ‘কিছু ব্যথা আছে। এটা খারাপ লক্ষণ।’
সব শঙ্কা উড়ে যাক। এমআরআই রিপোর্ট হোক ভালো—এটাই এখন বাংলাদেশ দলের প্রার্থনা। মামুনুলকে যে সাফের কঠিন পরীক্ষায় ভীষণ দরকার!: