মামুনুলদের প্রমাণ করার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোয়ায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ছবি: বাফুফের সৌজন্যে
গোয়ায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ছবি: বাফুফের সৌজন্যে

একে দ্বৈরথ বা মহারণ যা-ই বলুন না কেন, এই দ্বৈরথে বেশির ভাগ সময় ভারতই জেতে। হ্যাঁ, বাংলাদেশ-ভারত ফুটবল লড়াই নিয়েই কথাটা বলা হচ্ছে। আজ গোয়ায় ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতিম্যাচে মাঠে নামার আগে জয়হীনতার হাহাকারটা বড় করুণ সুরেই বাজছে বাংলাদেশের হূদয়ে। মামুনুল-এমিলি-সোহেল রানারা কী পারবেন আজ পূর্বসূরিদের ব্যর্থতার ক্ষতে একটু প্রলেপ লাগাতে? তাঁরা কী পারবেন আজ গোয়ায় ভারতকে হারিয়ে দক্ষিণ এশীয় ফুটবলে নিজেদের হারিয়ে ফেলা কর্তৃত্বকে আবার হাতে নিতে?
ভারতের একটি পত্রিকার সঙ্গে আলাপকালে এই ম্যাচ নিয়ে নিজের অনাগ্রহের কথা জানিয়েছেন সাবেক এক ভারতীয় ফুটবলার। গঞ্জালভেস নামের সেই ফুটবলার নাকি ১৯৮৫ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে গোল করে দেশকে জিতিয়েছিলেন। তাঁর দুঃখটা অন্য জায়গায়। তাঁর কষ্টটা ভারতীয় ফুটবলের ‘অধঃপতন’ নিয়ে। ফিফার আন্তর্জাতিক প্রীতিম্যাচ দিবসে ভারতের সঙ্গে ‘চীন’, ‘জাপান’, ‘দক্ষিণ কোরিয়া’ খেলছে না, খেলছে বাংলাদেশ—এই দুঃখে নাকি আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় টেন অ্যাকশন চ্যানেলে প্রচারিতব্য ম্যাচটি দেখবেনই না!
ভারতীয় ফুটবল ব্যক্তিত্বদের বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচ নিয়ে উন্নাসিকতার জন্য দায়ী কিন্তু বাংলাদেশই। সেই ১৯৭৮ সাল থেকে ভারতের বিপক্ষে বিভিন্ন সময়, বিভিন্ন উপলক্ষে মুখোমুখি বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৫ টি । সর্বশেষ জয়টি এসেছে আজ থেকে প্রায় ১১ বছর আগে, ২০০৩ সালে। এই ম্যাচ নিয়ে ‘নিজেদের বিরাট কিছু মনে করা’ ভারতীয় ফুটবল ব্যক্তিত্বদের নাক সিটকানি তো থাকবেই। মনোভাবটা পরিবর্তনের দায়িত্ব বাংলাদেশি ফুটবলারদেরই। লোডভিক ডি ক্রুইফের ছেলেরা যদি আজ নিজেদের সেরা খেলাটা খেলতে পারেন, তাহলে আশাবাদী না হওয়ার কিন্তু কিছুই নেই।
নাক উঁচু ভারতীয় ফুটবল ব্যক্তিত্বরা পরিসংখ্যানের দিকে হয়তো খুব একটা তাকিয়ে দেখেন না। হ্যাঁ, এই দুই দলের লড়াইয়ে ভারতই বেশির ভাগে সময় জয় পেলেও লড়াইটা কিন্তু ছিল হাড্ডাহাড্ডিই। ‘ফুটবল উন্নয়নে’র জন্য বাংলাদেশ ভারতের ‘সঠিক’ প্রতিপক্ষ নয়—ভারতীয় ফুটবল ব্যক্তিত্বদের এমন ধারণা বোধ হয় ঠিক নয়।
ইতিহাস বলছে, বাংলাদেশ-ভারত নিজেদের মধ্যে মুখোমুখি হয়েছে মোট ৩০ বার। ভারতের জয় ১৭ বার, বাংলাদেশের পাঁচবার, আটটি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে। সাফ গেমস, সাফ চ্যাম্পিয়নশিপ ছাড়াও এই দুই দলের লড়াইয়ের মঞ্চ অতীতে ছিল আরও বড় পরিসরেই—বিশ্বকাপ বাছাইপর্ব, এশিয়ান গেমস, এশিয়ান কাপ বাছাইয়ে অতীতে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। জয়গুলো যে ভারত পেয়েছে খুব সহজেই, এ কথা বলাটা বোধ হয় অন্যায়ই হবে। ঠিক তেমনি দুই দলের মুখোমুখিতে এমন কিছু ম্যাচ ড্র হয়েছে, যেগুলোর ফল চলে আসতে পারত বাংলাদেশের পক্ষেই। তাই বাংলাদেশকে খুব সহজ প্রতিপক্ষ ভাবাটা বোধ হয় ভুলই হচ্ছে ভারতীয় ফুটবল ব্যক্তিত্বদের।
মাত্র দুই সপ্তাহ আগে আইএফএ শিল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পারফরম্যান্স এই ম্যাচ নিয়ে আশা জাগাচ্ছে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মনে। কলকাতার মাঠে ইস্ট বেঙ্গল, মোহনবাগানকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে কলকাতা মোহামেডানের কাছে টাইব্রেকারে হারলেও শেখ জামালের ফুটবলাররা কিন্তু ভারতীয়দের হূদয় জয় করেই এসেছিলেন। মামুনুল ইসলাম, সোহেল রানাদের ফুটবলশৈলী প্রমাণ করে দিয়ে এসেছে বিদেশি ফুটবলার ছাড়া এই দুই দেশের ফুটবল মানে খুব একটা পার্থক্য নেই। বরং দেশি ফুটবলারদের মানে এগিয়ে আমরাই। আজ গোয়ায় এ বিষয়টিও যে আরেকবার প্রমাণ করে দেওয়ার পালা।
বাংলাদেশ-ভারত সর্বশেষ লড়াইটি ছিল বাংলাদেশের জন্য দুর্ভাগ্যের। গত সেপ্টেম্বরে কাঠমান্ডুর সাফ চ্যাম্পিয়নশিপে আতিকুর রহমান মিশুর গোলে বাংলাদেশ এগিয়ে ছিল খেলার অতিরিক্ত সময় পর্যন্ত। কিন্তু শেষ মুহূর্তে সুনীল ছেত্রীর ফ্রি-কিকের গোল মুহূর্তে এলোমেলো করে দেয় সবকিছু। রুদ্ধশ্বাস লড়াইয়ের ওই ম্যাচটিই তো বলে দেয় সবকিছু—বাংলাদেশ কোনোমতেই ভারতের সহজ প্রতিপক্ষ নয়।
তৃতীয় একটি দেশের সঙ্গে এই দুই দলের সাম্প্রতিক লড়াই থেকেও সাহস সঞ্চয় করতে পারে বাংলাদেশ। ফিলিস্তিনের বিপক্ষে সাম্প্রতিক মোকাবিলায় ভারত হেরেছে ৪-২ গোলে। আর বাংলাদেশের বিপক্ষে গোল পেতে ফিলিস্তিনকে অপেক্ষায় থাকতে হয় ৭৮ মিনিট পর্যন্ত। দুই দলের শক্তির সমতা কী ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দিয়েও প্রমাণিত হয় না!
এত কিছুর দরকার নেই, ২০১১ সালে বিশ্বকাপ বাছাইপর্বে লেবাননকে ২-০ গোলে হারানোর স্মৃতিটা একটু মনে করলেই কিন্তু হয়ে যায়। লেবাননকে আমরা হারিয়েছি, ভারত তো কোন ছাড়!

আজকের ম্যাচে মাঠে নামার আগে এমন ভাবনাই শক্তি হয়ে উঠতে পারে মামুনুলদের।