মামুনুলদের মালয়েশিয়া সফর বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ চ্যাম্পিয়ন হতে এবার শক্তিশালী কোচিং স্টাফ নিয়োগ করেছে বাফুফে। তবে বিদেশি দলের বিপক্ষে পর্যাপ্ত অনুশীলন ম্যাচ খেলার ঘাটতিটা থেকেই যাচ্ছে। কোচ ডি ক্রুইফের ইচ্ছায় গতকাল মালয়েশিয়া সফর বাতিল করেছে বাফুফে। সাফ অভিযানে যাওয়ার আগে তাই শুধু বাফুফে একাদশ নামের দেশি-বিদেশি খেলোয়াড়দের মিশ্র দলের বিপক্ষেই যা ম্যাচ খেলা হবে জাতীয় দলের।পাকিস্তান না আসায় তড়িঘড়ি করে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ২৩ আগস্ট কুয়ালালামপুরে একটা ম্যাচ খেলার ব্যবস্থা করা গিয়েছিল। কিন্তু কাল বাফুফে জানিয়েছে, কোচ এ মুহূর্তে মালয়েশিয়া যাওয়া-আসায় দুটি দিন ‘খরচ’ করতে রাজি নন। মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে খেলাটা ফলপ্রসূ কিছু হবে বলে মনে হয়নি তাঁর কাছে। তার চেয়ে ঢাকায় নিবিড় অনুশীলন চালিয়ে যাওয়াটাই নাকি ভালো হবে। জানা গেছে, ফিলিপাইন বা মিয়ানমার দলকে খরচ দিয়ে আনা সম্ভব ছিল। তবে সময়স্বল্পতায় সে পথে আর পা বাড়ায়নি বাফুফে। অবশ্য কলকাতা ইস্ট বেঙ্গল একটা মাধ্যমে ঢাকায় খেলতে আসার প্রস্তাব পাঠিয়েছিল। এএফসি কাপের প্রস্তুতি হিসেবে ঢাকায় এসে দুটি ম্যাচ খেলতে মুখিয়ে ছিল ইস্ট বেঙ্গল। কিন্তু ভারতের কোনো ক্লাব দল আনতে রাজি হয়নি বাফুফের জাতীয় দল কমিটি।এ নিয়ে কাল দুপুরে জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদের অফিসে সভায় বসেন কোচ ডি ক্রুইফ। সেখানেই মালয়েশিয়ায় সফর বাতিলের সিদ্ধান্ত হয়েছে। তার মানে সাফের আগে থাইল্যান্ডে খেলে আসা দুটি ম্যাচই বিদেশি দলের সঙ্গে ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়ে থাকছে বাংলাদেশের জন্য।