মামুনুলের সঙ্গী 'মিডফিল্ড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত নামের অগ্নিপরীক্ষার মুখোমুখি হওয়ার আগে কোচ লোডভিক ডি ক্রুইফ তাঁর প্রধান অস্ত্রগুলোকে শাণিয়ে নিলেন শেষবারের মতো। কাল কাঠমান্ডুর আর্মি গ্রাউন্ডে অনুশীলনে (বাঁ থেকে) জামাল, তকলিচ, ওয়ালি, এমিলি ও মিশু শামসুল হক
ভারত নামের অগ্নিপরীক্ষার মুখোমুখি হওয়ার আগে কোচ লোডভিক ডি ক্রুইফ তাঁর প্রধান অস্ত্রগুলোকে শাণিয়ে নিলেন শেষবারের মতো। কাল কাঠমান্ডুর আর্মি গ্রাউন্ডে অনুশীলনে (বাঁ থেকে) জামাল, তকলিচ, ওয়ালি, এমিলি ও মিশু শামসুল হক

যেখানেই যান, সঙ্গে থাকে একটি ইংরেজি বই—মিডফিল্ড। ভালো মিডফিল্ডার হওয়ার কৌশল শিখে চলেছেন নিরন্তর। কাঠমান্ডুতে এসে বইটা আরও বেশি পড়ার সময় মিলছে। চোটের কারণে খেলতে পারছেন না বলে অবসরে ‘মিডফিল্ডেই’ ডুবে থাকেন মামুনুল ইসলাম!
শেখ রাসেলের কোচ মারুফুল হক ইংল্যান্ড থেকে এই বইটা এনে দিয়েছেন তাঁকে। ‘গুরু’কে ধন্যবাদ হয়তো দিচ্ছেন অবসরের ভালো সঙ্গী পেয়ে। কিন্তু কাঠমান্ডুতে এসে মিডফিল্ড পড়েই শুধু সময় কাটাতে চাননি বাংলাদেশের প্লে-মেকার!
হাঁটুর ব্যথা সারেনি। তাই নেপালের বিপক্ষে প্রথম ম্যাচটা বেঞ্চে বসে দেখেছেন। দল বাজে খেলছে, কিন্তু চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না। এই সাফ ফুটবলে মামুনুলেরই বাংলাদেশ দলের প্রাণভোমরা হওয়ার কথা ছিল। মাঝমাঠে তাঁর মতো মেধাবী ফুটবলার ৫৬ হাজার বর্গমাইলে আর নেই। কিন্তু মামুনুল আজ ভারতের বিপক্ষে জীবন-মরণ ম্যাচেও অনিশ্চিত। তাঁর নিজের ইচ্ছা থাকলেও খেলার সম্ভাবনা কম।
মামুনুলকে বাইরে রেখে মনের মতো একাদশ সাজাতে পারছেন না লোডভিক ডি ক্রুইফ। কাল তো অনুশীলনের পর মামুনুলকে দিলেন বড় এক স্বীকৃতিই, ‘সে হয়তো ৮ নম্বর জার্সি পরে। ১০ নম্বর পরে এমিলি। আমি তো বলব, মামুনুলই বাংলাদেশের সত্যিকারের ১০ নম্বর। ওকে ভীষণ মিস করছি।’
কাঠমান্ডু আসা সবারই অভিন্ন মত, নেপাল ম্যাচে মামুনুল থাকলে বাংলাদেশের মাঝমাঠ এত ছন্নছাড়া হয়ে পড়ত না। মাঝমাঠ ভালো খেলতে না পারায় চাপ এসেছে রক্ষণে।
সেই চাপেই ভেঙে পড়ে প্রথমে বাজে গোল, তারপর কর্নারে দ্বিতীয় গোল হজম। নেপালের জয়ের অন্যতম নায়ক অনিল গুরুং পর্যন্ত ম্যাচের পরদিন বলছিলেন, ‘মাঝমাঠে মামুনুল থাকলে আমরা এত সহজে আক্রমণে যেতে পারতাম না। সে মাঝমাঠে বল নিয়ন্ত্রণ করত এবং আক্রমণ তৈরিতে ভূমিকা রাখত। মামুনুল না থাকায় আমাদের অনেক সুবিধা হয়েছে।’
ভারত ম্যাচে তাই আরও বেশি প্রয়োজন তাঁকে। কিন্তু চোট এমন একসময় হানা দিল, যখন জাতীয় দলের এই প্রথম আনুষ্ঠানিক অধিনায়কত্ব পেয়েও ব্যথায় কাতর চট্টগ্রামের ছেলে। মামুনুল যাতে ভারত ম্যাচে মাঠে নামতে পারেন, সে জন্য চট্টগ্রাম শহরে তাঁর পাড়ায় দোয়া করা হয়েছে মসজিদে। ‘আমার পুরো পরিবার এবং এলাকাবাসী প্রার্থনা করছে আমি যেন ফিট হয়ে উঠি’—কাল অনুশীলন মাঠে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে এটা বলার সময় চোখ ছলছল করে উঠল বাংলাদেশের বড় ভরসা হয়ে ওঠা এই মিডফিল্ডারের।
‘আমার ভীষণ খারাপ লাগছে। মনে হচ্ছে এক পা নিয়েই নেমে যাই। আবার ভাবি, পুরো ফিট না হলে খেলা উচিত নয়। ওতে দলেরই ক্ষতি। রাতে ভালো ঘুম হয় না। সারাক্ষণ মনের মধ্যে একটা যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি’—মামুনুল আরও বেশি আপ্লুত হয়ে পড়েন।
সতীর্থরা অধিনায়ককে ফিরে পেতে চান দ্রুত। মামুনুলের মতো দলের প্রধান অস্ত্রটি ভোঁতা হয়ে থাকলে দলের ধার যে কমে যায়। মিডফিল্ড নামের বইটা যতই শাণিত করুক মামুনুলকে, প্রয়োজনের সময় দল যে জ্বলে উঠতে পারছে না।