
তৃতীয়বারের মতো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন এন শ্রীনিবাসন। কিন্তু সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞায় এখনো দায়িত্বই নিতে পারেননি। শ্রীনিবাসনের বিপদ এসেছে আরেক দিক থেকে। এত দিন বলে আসছিলেন জামাতা গুরুনাথ মায়াপ্পান চেন্নাই সুপার কিংসের পরিচালনায় যুক্ত ছিলেন না। এই মায়াপ্পানের বিরুদ্ধেই উঠেছে ম্যাচ গড়াপেটা, জুয়াড়িদের কাছে তথ্য পাচার ও আচরণবিধি লঙ্ঘনসহ পাঁচটি অভিযোগ। কিন্তু নিজের সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীতে মাইক হাসি বলেছেন, মায়াপ্পানই ছিলেন সুপার কিংসের পরিচালনায়।
আইপিএলের প্রথম সংস্করণ (২০০৮) থেকেই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন হাসি। অনেক দিন থেকেই এই দলটার সবকিছু দেখেছেন খুব কাছ থেকে। নিজের নতুন আত্মজীবনী আন্ডারনিথ দ্য সাদার্ন ক্রসে লিখেছেন, ‘আমাদের মালিক ছিল ইন্ডিয়া সিমেন্টস। মি. শ্রীনিবাসনই ছিলেন সর্বেসর্বা। আর তিনি যেহেতু বোর্ডের সঙ্গেও জড়িত ছিলেন, তাই দলের নিয়ন্ত্রণভার জামাতা মি. গুরুনাথকে ছেড়ে দিয়েছিলেন। কেপলার ওয়েলসের (চেন্নাই কোচ) সঙ্গে মিলে দলটা তিনিই (মায়াপ্পান) চালাতেন।’ মায়াপ্পানই যে চেন্নাই সুপার কিংসের দায়িত্বে ছিলেন, খেলোয়াড় হিসেবে হাসিই প্রথম এটি খোলাসা করে দিলেন।
অথচ শ্রীনিবাসন বলে আসছিলেন, মায়াপ্পান শুধুই শুভাকাঙ্ক্ষী হিসেবে চেন্নাই সুপার কিংসের পাশে ছিলেন। সেটা যে সত্যি নয়, এটা তো দেখাই যাচ্ছে!
শ্রীনিবাসনের ঝামেলাটা আরও বাড়িয়েছেন বিহারের একদল আইনজীবী। বোর্ডের সভাপতি পুনর্নিবাচিত হলেও নৈতিকতার প্রশ্নে সভাপতি থাকতে পারেন না দাবি করে তাঁরা রিট করেছেন। তাই সুপ্রিম কোর্টের আদেশ না পাওয়া পর্যন্ত শ্রীনিবাসন বিসিসিআইতে দায়িত্ব ফিরে পাচ্ছেন না। এএফপি।