মায়ামি মাস্টার্স জিতলেন মারে
মায়ামি মাস্টার্সে রজার ফেদেরার ও রাফায়েল নাদাল অংশ নেননি। ব্যাপারটি ছিল অ্যান্ডি মারের জন্য সুবর্ণ সযোগ। চতুর্থ রাউন্ডে টেনিসের শীর্ষ তারকা নোভাক জকোভিচের বিদায় সেই সুযোগটাকে আরও প্রসারিত করেছিল। শেষ পর্যন্ত অ্যান্ডি মারে প্রাপ্ত সুযোগকে পরিপূর্ণভাবে কাজে লাগালেন। জিতলেন শিরোপা। গতকাল মিয়ামি মাস্টার্সের ফাইনালে ডেভিড ফেরারকে ২-৬, ৬-৪, ৭-৬ (১) গেমে হারিয়ে শিরোপা জয় নিশ্চিত করেছেন এই ব্রিটিশ টেনিস তারকা।চূড়ান্ত সাফল্য পেতে অবশ্য যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে অ্যান্ডি মারেকে। ডেভিড ফেরারের বিপক্ষে প্রথম সেটেই ২-৬ গেমে হেরে পিছিয়ে পড়েছিলেন ইউএস ওপেন শিরোপাজয়ী এই তারকা। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান মারে। সেটটা জিতে নেন ৬-৪ গেমে। উত্তেজনাপূর্ণ তৃতীয় সেটে ৭-৬ (১) গেমে জয় দিয়ে শিরোপা জয়ের স্বাদ পান তিনি। দুর্দান্ত এই সাফল্য দিয়ে রজার ফেদেরারকে সরিয়ে টেনিস র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানেও উঠে এসেছেন অ্যান্ডি মারে।এর আগে ২০০৯ সালেও এই মিয়ামি মাস্টার্সের শিরোপা জিতেছিলেন অ্যান্ডি মারে। টাইমস অব ইন্ডিয়া