মায়ের জন্যই মুম্বাই

২৪ বছর, ৬৬২ ম্যাচ। গত দুই যুগে আন্তর্জাতিক ক্রিকেট ও শচীন টেন্ডুলকার হয়ে ছিল সমার্থক শব্দ। আর মাত্র দুটি ম্যাচ, মাস খানেক পরই ক্রিকেট হারিয়ে ফেলছে তার সবচেয়ে ‘সোনার সন্তানকে’। টেন্ডুলকারের বিদায়ের পর ক্রিকেটের স্বাদ আগের মতো থাকবে কি না, কে জানে? তবে ২০০তম টেস্টেই অনাস্বাদিত একটি স্বাদ পেতে চান ক্রিকেট কিংবদন্তি। আর ওই স্বাদ পাওয়ার জন্যই নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) মুম্বাইতে শেষ টেস্ট আয়োজনের অনুরোধ করেছেন টেন্ডুলকার।
ক্রিকেট দুনিয়ার আনাচ-কানাচে খ্যাত-অখ্যাত অনেক ভেন্যুই পেয়েছে টেন্ডুলকারের ছোঁয়া। লাখ লাখ দর্শক মাঠে বসে উপভোগ করেছে টেন্ডুলকারের খেলা। কিন্তু টেন্ডুলকারের খুব কাছের একজন কখনোই মাঠে গিয়ে তাঁর খেলা দেখেননি। টেন্ডুলকার চাচ্ছেন সেই একজন প্রথমবারের মতো এবার মাঠে গিয়েই বিদায়ক্ষণের সঙ্গী হবেন। টেন্ডুলকারের এই বিশেষ একজন তাঁর মা রজনী টেন্ডুলকার। এখন হুইলচেয়ার ছাড়া চলতে-ফিরতে না পারলেও শেষবেলায় মাকেই কাছে চাইছেন ১১ বছর বয়সেই ক্রিকেটকে সঙ্গী বানানো টেন্ডুলকার। তাঁর অনুরোধ রেখে দ্বিতীয় টেস্টটা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই আয়োজন করতে বিসিসিআই রাজি বলে খবর ভারতীয় সংবাদমাধ্যমের। ওয়েবসাইট।