১৫ ওভারের ফিল্ডিং বাধ্যবাধকতার যাত্রা শুরু হয়েছিল ১৯৯২ বিশ্বকাপেই। কিন্তু সেবার শুরু থেকে ঝড় তোলার সুযোগটা সেভাবে নিতে পারেননি ব্যাটসম্যানরা। চার বছর পর সেই সুযোগটা নিয়েছিল শ্রীলঙ্কা। আর তাতেই বাজিমাত। যে দলটিকে বিশ্বকাপের আগে হিসাবের খাতায়ই রাখা হচ্ছিল না, মারকুটে ব্যাটিংয়ের নিদর্শন রেখে সেই দলটিই ১৯৯৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন!যেকোনো শিরোপা জয় মানেই গোটা প্রতিযোগিতায় নজরকাড়া পারফরম্যান্স। বিশ্বকাপের মতো আসর হলে তো কথাই নেই। শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে খেলা খেললে তবেই না শিরোপা! নিজেদের প্রথম ও একমাত্র বিশ্বকাপ ঘরে তোলার সময় সেই দাপুটে খেলাটাই খেলেছিল শ্রীলঙ্কা।গ্রুপ পর্বে বড় দলগুলোর মধ্যে শ্রীলঙ্কা জিতেছিল কেবল একটিতে, ভারতের বিপক্ষে। আর তাতেই গ্রুপ চ্যাম্পিয়ন লঙ্কানরা! অবিশ্বাস্যই লাগারই কথা। আসলে বিশ্বকাপের মাত্র তিন সপ্তাহ আগে কলম্বোয় সন্ত্রাসী হামলা হওয়ায় সেখানে খেলতে অস্বীকৃতি জানায় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। আর তাতেই অনেকটা বিনা লড়াইয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় শ্রীলঙ্কা।১৯৯৬ সালের বিশ্বকাপ ক্রিকেটের আয়োজনটা ছিল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা তিন দেশের সম্মিলিত উদ্যোগে। শিরোপার সম্ভাবনায় হট ফেবারিটের কাতারেই ছিল দুই উপমহাদেশীয় জায়ান্ট ভারত ও পাকিস্তান। অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজও ছিল গোনার মধ্যেই। কিন্তু শ্রীলঙ্কাকে বিশ্বকাপ শিরোপার দাবিদার হিসেবে সত্যিকার অর্থে তেমন কেউ ভাবেইনি। কিন্তু কেবল একটি ম্যাচই শ্রীলঙ্কানদের ব্যাপারে অন্যকিছু ভাবতে বাধ্য করে বিশেষজ্ঞদের। দিল্লির ফিরোজ শাহ কোটলায় শক্তিশালী ভারতের বিপক্ষে ঝড় তুলেই নিজেদের ব্যাপারে সবার ধারণাটা পাল্টে নেয় লঙ্কানরা। প্রথমে ব্যাট করে ভারতের ২৭১ রানের লক্ষ্যমাত্রা শ্রীলঙ্কা ছুঁয়ে ফেলে রীতিমতো হেসেখেলে। সেদিন একদিনের ক্রিকেটে এক নতুন বিপ্লবেরই সূচনা করেছিলেন দুই লঙ্কান ওপেনার সনত্ জয়সুরিয়া ও রমেশ কালুভিতারানা। নিজেদের ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ১৫ ওভারের ফিল্ডিং বাধ্যকতার সুযোগে ভয়ংকর মারকুটে ব্যাটিং শুরু করে তাঁরা। একপর্যায়ে ৪ ওভারেই দলীয় ৫০ রান তুলে ফেলের দুই ওপেনার। সে সময় এই ধরনের স্কোরকার্ড সবার চোখেই একেবারে নতুন একটা জিনিস ছিল। ক্রিকেটে কোনো ব্যাটসম্যান যে এমন নির্দয়ভাবে বোলারদের পেটাতে পারেন, সে অভিজ্ঞতা সেবারই প্রথম হয়েছিল ক্রিকেটানুরাগীদের। ভারতের তিন পেসার জাভাগাল শ্রীনাথ, ভেঙ্কটেশ প্রসাদ ও মনোজ প্রভাকর জীবনের সবচেয়ে বাজে সময়টা কাটিয়েছিলেন সেদিন কোটলার বুকে। মনোজ প্রভাকর তো তাঁর করা প্রথম তিন ওভারে ৪০ রানের মতো দিয়ে শেষ অবধি অফ স্পিনই করা শুরু করেছিলেন। এই একটি ম্যাচই সত্যিকার অর্থে ওয়ানডে ক্রিকেটে অনেক কিছুই পাল্টে দিয়েছিল। প্রভাকরের ক্রিকেট ক্যারিয়ারও বলতে গেলে শেষ হয়ে গিয়েছিল এই ম্যাচটির মাধ্যমেই। কয়েক ওভার বাকি থাকতে হেসে খেলে জয় ছিনিয়ে নেয় সেদিন শ্রীলঙ্কা। এই ঝড়ের বার্তা এনে দিয়েছিল আরও কয়েকটি ঝড়েরই।শুধু জয়সুরিয়া আর কালুভিতারানা কেন, শ্রীলঙ্কা দলটিতে ছিলেন বেশ কয়েকজন অভিজ্ঞ অথচ ক্রিকেট বিশ্বের গ্ল্যামারের বাইরে থাকা খেলোয়াড়। অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা, অরবিন্দ ডি সিলভা, রোশন মহানামা, হাশান তিলকরত্নে, আসাঙ্কা গুরু সিংহে প্রমুখ। মুরালিধরন তখনো ক্রিকেট বিশ্বে ‘স্পিন উইজার্ড’-এর খ্যাতি পাননি। এর পরও তিনি সে সময় ছিলেন একজন সমীহ-জাগানিয়া বোলার। অরবিন্দ ডি সিলভা গুরুত্বপূর্ণ সময়গুলোয় ম্যাচ উইনিং পারফরম্যান্স দিয়ে নিজেকে ও নিজের দেশকে নিয়ে যান অন্য উচ্চতায়। ফাইনালে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনবদ্য অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কার বিশ্বজয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের দর্পচূর্ণ করে দিয়ে এক অবিশ্বাস্য মারকুটে ইনিংস খেলেন সনাত্ জয়সুরিয়া। ফয়সালাবাদে সেদিন জয়সুরিয়ার একটি ছক্কা গিয়ে পড়েছিল স্টেডিয়াম ছাড়িয়ে অনেক দূরে।সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেনে সেই ভারতের মুখোমুখি হয় আত্মবিশ্বাসে টগবগ শ্রীলঙ্কা। টসে জিতে ভারত অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ইডেনের লাখো দর্শকের সামনে সেদিন প্রাথমিক ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল শ্রীলঙ্কা। কিন্তু সেই অরবিন্দ ডি সিলভা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে পাল্টা আক্রমণ করে ম্যাচে ফেরান শ্রীলঙ্কাকে। এরপর রোশন মহানামার ফিফটি, রানাতুঙ্গা ও তিলকরত্নের ব্যাটে ভর করে শ্রীলঙ্কা তুলে নেয় লড়াকু পুঁজি। জবাবে ভারত সূচনাটা করেছিল চমত্কার। একপর্যায়ে এক উইকেট হারিয়ে তর তর করে নিজেদের সংগ্রহ নিয়ে যায় এক শর কাছাকাছি। তবে গোলটা বাঁধে টেন্ডুলকার আউট হওয়ার পরপরই। হঠাত্ই ভারতীয় ব্যাটসম্যানরা ভুলে গেলেন ব্যাটিং। একে একে আউট হয়ে ফিরে গেলেন আজহারউদ্দিন, সঞ্জয় মাঞ্জেরেকার, অজয় জাদেজা। একপর্যায়ে মাত্র ২২ রানের ব্যবধানে ভারত হারিয়ে ফেলে ৭ উইকেট। হঠাত্ই অজেয় হয়ে যান শ্রীলঙ্কান বোলাররা। ইডেনের উইকেট শুরু করে টার্ন করা। মাইন ফিল্ডে পরিণত হয় সেই উইকেট ভারতীয় ব্যাটসম্যানদের জন্য। নিজ দেশের খেলোয়াড়দের এই ব্যর্থতায় ফুঁসে ওঠেন ইডেনের দর্শকেরা। আগুন জ্বালিয়ে দেন তাঁরা স্টেডিয়ামে। বোতল-জুতো থেকে শুরু করে হাতের কাছে যা পান, তাইই ছুড়তে শুরু করেন মাঠে। ক্ষোভটা ছিল অবশ্যই নিজ দলের খেলোয়াড়দের প্রতিই। খেলা হয়ে যায় পণ্ড। জয়ী ঘোষণা করা হয় শ্রীলঙ্কাকে। তবে এ ম্যাচে ফল নিয়ে প্রশ্ন ছিল না কারও। কারণ জয়ের জন্য শেষ ১৫.৫ ওভারে তখনো ১৩২ রান প্রয়োজন ছিল ভারতের, হাতে ছিল মাত্র দুটি উইকেট। এটা যে এককথায় অসম্ভব!এরপর এলো সেই অবিস্মরণীয় দিন। ১৯৯৬ সালের ১৭ মার্চ। ফেবারিটের কাতারে না থেকেও শিরোপা জয়ের কৃতিত্ব দেখাতে শ্রীলঙ্কার প্রয়োজন কেবল একটি জয়। কিন্তু প্রবল স্রোতকে কী আর ঠেকিয়ে রাখা যায়! যায় না বলেই শ্রীলঙ্কাকে ঠেকাতে পারেনি অস্ট্রেলিয়া। ৭ উইকেটে অস্ট্রেলিয়াকে একেবারে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নেয় শ্রীলঙ্কা। বিশ্ব ক্রিকেটে জন্ম হয় এক নতুন শ্রেষ্ঠত্বের।