ভয়াবহ সুনামিতে ভেসে গিয়েছিল ছেলেটি। ২১ দিন ধরে ডোবার পানি আর শুকনো নুডলস খেয়ে বেঁচে ছিল। আত্মীয়স্বজন ভেবেছিল, মা-ভাই-বোনের সঙ্গে সেও বোধ হয় চিরতরে হারিয়ে গেছে। পরে সাত বছর বয়সী মারতুনিসকে খুঁজে পাওয়া যায়, গায়ে প্রিয় পর্তুগাল ফুটবল দলের জার্সি। অবিশ্বাস্য এ খবর জানতে পেরে ক্রিস্টিয়ানো রোনালদো তখন এসে দাঁড়িয়েছিলেন ইন্দোনেশিয়ার এই কিশোরের পাশে। তার পড়াশোনা আর অন্যান্য খরচ জুগিয়েছিলেন। মারতুনিস দেখিয়ে দিয়েছে, সে অন্য ধাতুতে গড়া। পরশু পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন জানিয়েছে, তারা ১৭ বছর বয়সী ছেলেটিকে তাদের একাডেমিতে নিয়েছে, যে একাডেমি থেকে বেরিয়ে এসেছেন রোনালদো-ফিগোর মতো তারকারা।
ভয়াবহ ওই সুনামির পর মারতুনিস শুধু ফিরে পেয়েছে বাবাকে। দুজনের বাড়ি মেরামতের জন্য টাকা দিয়েছিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন। রোনালদো পরে মারতুনিসকে দেখে বলেছিলেন, এই ছেলে অনেক দূর যেতে পারে। দেখা যাচ্ছে, সিআর-সেভেন হীরা ঠিকই চিনেছিলেন। সত্য কখনো গল্পের চেয়েও বিস্ময়কর হয়। মেইল অনলাইন।