মারদিনির স্বপ্নের দিন
১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে হিটে জিতেছেন, কিন্তু টাইমিং ভালো না হওয়ায় সেমিফাইনালে ওঠা হয়নি। রিও অলিম্পিকে ইউসরা মারদিনির শুরুটা কি ভালো হয়েছে? হয়েছে। পদক জেতা হচ্ছে না ঠিকই। কিন্তু জীবনের যে জয়গান লিখলেন সিরিয়ার জলকন্যা, তার সামনে খেলার জয়-পরাজয় তো অনেক ঠুনকো।
এক বছর আগে এমন সময়েই তো বোন সারাহকে নিয়ে ভূমধ্যসাগরে জীবন বাঁচাতে লড়ছিলেন। নিজেদের এবং আরও ১৮ জন মানুষের। মাতৃভূমি সিরিয়া তখন যুদ্ধবিধ্বস্ত, জীবন বাঁচাতে গ্রিসের উদ্দেশে নৌকায় উঠেছিলেন মারদিনি। কিন্তু মাঝপথে নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায়। বোনকে নিয়ে তখন তিন ঘণ্টা সাঁতরে রশি টেনে নৌকাটাকে নিরাপদ জায়গায় নিয়ে আসেন মারদিনি।
নিজ দেশের পতাকা নিয়ে অলিম্পিকে আসার সৌভাগ্য তাঁর হয়নি, বর্তমানে জার্মানিতেই পরিবার নিয়ে থাকা মারদিনি অলিম্পিকে এসেছেন শরণার্থী দলের হয়ে। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে নামার রোমাঞ্চ তাতে এতটুকুও কমেনি ১৮ বছর বয়সী তরুণীর, ‘সবকিছুই অসাধারণ ছিল। সব সময় এই একটি জিনিসই চেয়েছিলাম, অলিম্পিকে অংশ নেওয়া। পানিতে নামার পর খুব ভালো লাগছিল। আমি খুশি।’
১০০ মিটার পেরোতে পরশু সময় নিয়েছেন ১ মিনিট ৯.২১ সেকেন্ড, কিন্তু সব মিলিয়ে ৪১তম হওয়ায় বাদ পড়ে গেছেন হিটেই। তবে ‘চ্যাম্পিয়নদের সঙ্গে লড়তে’ পেরে খুশি মারদিনি হতাশাটা মুছে ফেলার সুযোগ পাচ্ছেন বুধবারই, অলিম্পিকে তাঁর দ্বিতীয় ইভেন্ট ১০০ মিটার ফ্রিস্টাইলে। এএফপি।