প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪ ৪ ৪ ৬ ০ ৬। ৪৫তম ওভারে রুবেল হোসেনের ওভার থেকে ২৪ রান তুলে নিয়েই ম্যাচের ফল নিয়ে শেষ সংশয়টুকুও উড়িয়ে দিলেন মারলন স্যামুয়েলস। ৩৬ বলে ৩৪ রানের সমীকরণটা ওই ওভার শেষেই হয়ে গেল ৩০ বলে ১০। এক ওভার পরেই মাশরাফির বলে আউট হওয়ার আগে করেছেন ওয়ানডে ক্যারিয়ার-সেরা ১২৬। এই ডানহাতির ১৪৯ বলের দায়িত্বশীল ইনিংসে সওয়ার হয়েই তৃতীয় ওয়ানডেটা ৪ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৫ রানে প্রথম উইকেট হারিয়ে ফেলার পর মাঠে নেমে কাইরান পাওয়েলের সঙ্গে গড়েছেন ১১১ রানের জুটি। কাল স্যামুয়েলস এক প্রান্ত ধরে না রাখলে ম্যাচের ফল কী হতো বলা মুশকিল। ১৪০তম ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরিটাই অষ্টমবারের মতো ম্যাচসেরা করেছে স্যামুয়েলসকে। তিন ধরনের ক্রিকেট মিলিয়ে এ বছর পাঁচবার ম্যাচসেরা হলেন এই জ্যামাইকান।