প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারলন স্যামুয়েলস কোন ধাতুতে গড়া সেটা টের পেয়েছিলেন লাসিথ মালিঙ্গা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কান এই ফাস্ট বোলারের ১১ বল থেকেই ৩৯ রান নিয়েছিলেন স্যামুয়েলস। মেরেছিলেন পাঁচ-পাঁচটি ছক্কা। ওই ম্যাচে ৫৬ বলে ৭৮ রান করে ম্যাচসেরা হয়েছিলেন এই ডানহাতি। অক্টোবরের ওই ম্যাচের পর কালই প্রথম টি-টোয়েন্টি খেললেন স্যামুয়েলস। এবার আরও বিধ্বংসী তাঁর ব্যাট। এবার তাঁর ব্যাটে ধ্বংস করলেন রুবেল হোসেনকে। রুবেলের করা ইনিংসের শেষ ওভারের শেষ পাঁচ বল থেকেই তুললেন ২৮ রান। টানা তিনটিসহ এই পাঁচ বলের চারটিকেই উড়িয়ে মারলেন বাউন্ডারির বাইরে। ৪৩ বলে ৩ চার ও ৯ ছক্কায় অপরাজিত ৮৫, ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে গেলেন বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে। ম্যান অব দ্য ম্যাচ হওয়ার দৌড়ে এই ৩১ বছর বয়সীর প্রতিদ্বন্দ্বী কেউ ছিলেন না।