মারা গেছেন ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলিনি ফুটবল বিশ্বে স্মরণীয় হয়ে থাকবেন দুই হাতে বিশ্বকাপ শিরোপাটি মাথার ওপরে তুলে ধরার ছবিটা দিয়েই
বেলিনি ফুটবল বিশ্বে স্মরণীয় হয়ে থাকবেন দুই হাতে বিশ্বকাপ শিরোপাটি মাথার ওপরে তুলে ধরার ছবিটা দিয়েই

নাম দিয়ে হয়তো তাঁকে নাও চিনতে পারেন। কিন্তু বিশ্ব ফুটবলে ব্রাজিলের উত্থানটা শুরু হয়েছিল তাঁর অধিনায়কত্বেই। ১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সেই অধিনায়ক, হিলডেরাল্ডো লুইস বেলিনি আর নেই। দীর্ঘদিন আলঝেইমার রোগে ভুগে ৮৩ বছর বয়সে মারা গেছেন বেলিনি।
১৯৫৭ সালে ব্রাজিলের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল বেলিনির। পরের বছরের বিশ্বকাপেই তাঁর হাতে উঠেছিল অধিনায়কত্বের বাহুবন্ধনী। ১৭ বছর বয়সী পেলে, মারিও জাগালো, গারিঞ্চাদের নিয়ে গড়া সেই দলটিই প্রথমবারের মতো বিশ্বকাপ জিতিয়েছিল ব্রাজিলকে। ১৯৬৬ সালে অবসর নেওয়ার আগে ব্রাজিলের হয়ে ৫১টি ম্যাচ খেলেছিলেন এই ডিফেন্ডার।
রিও ডি জেনিরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামের বাইরে যে মূর্তিটি আছে, সেখানে দেখা যায় এক হাতে বিশ্বকাপ ট্রফিটি ধরে রেখেছেন বেলিনি। কিন্তু সম্ভবত তিনি ফুটবল বিশ্বে স্মরণীয় হয়ে থাকবেন দুই হাতে বিশ্বকাপ শিরোপাটি মাথার ওপরে তুলে ধরার ছবিটা দিয়েই। তিনিই প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক, যিনি বিশ্বকাপ ট্রফিটি তুলে ধরেছিলেন মাথার ওপরে। ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপজয়ী অধিনায়কদেরও দেখা গেছে এই ভঙ্গিটারই পুনরাবৃত্তি করতে।
ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই সেন্ট্রাল ডিফেন্ডার ক্লাব ফুটবলে সফল একটা সময় পার করেছেন ভাস্কো দ্য গামা ও সাও পাওলো ফুটবল ক্লাবে।— রয়টার্স