মারা গেছেন 'সাদা জাদুকর' মেতসু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেতসু
মেতসু

১৯৯৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স পরের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই হেরে গিয়েছিল। কার কাছে? সেনেগাল! সেই বিশ্বকাপে সেনেগাল যেন ছিল এক চমকের নাম। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে প্রথম রাউন্ডেই বিদায় করে দেওয়া সেনেগাল উঠে এসেছিল কোয়ার্টার ফাইনালে। শেষ আটের সেই লড়াইয়ে তুরস্কের কাছে হেরেছিল ৯৪ মিনিটের একমাত্র গোল্ডেন গোলে। না হলে, কে জানে, সেনেগাল হয়তো এগিয়ে যেত আরও অনেক দূর।
সেই বিশ্বকাপে সেনেগালের কোচ হিসেবে দারুণ আলোচনার জন্ম দেওয়া ফরাসি কোচ ব্রুনো মেসতু জীবনের লড়াটাতে হেরে গেছেন। কাল ৫৯ বছর বয়সে মারা গেছেন সেনেগালিজদের কাছে ‘সাদা জাদুকর’ নাম পেয়ে যাওয়া এই কোচ। ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করছিলেন তিনি।
কোচ হিসেবে ছিলেন যাযাবর স্বভাবের। এক জায়গায় দীর্ঘদিন থাকেননি। সর্বশেষ কাজ করেছেন দুবাইয়ের ক্লাব আল-ওয়াসলে। ডিয়েগো ম্যারাডোনার স্থলাভিষিক্ত হয়েছিলেন ক্লাবটিতে। আরব আমিরাতে থাকার সময়ই ইসলাম ধর্মে দীক্ষিত হন। নতুন নাম গ্রহণ করেন আবদুল্লাহ মেসতু। ক্যানসারের কারণেই কোচের পদ থেকে সরে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত লড়াইটায় জিততে পারলেন না। সূত্র: রয়টার্স।