মারাকানা যেন নিষিদ্ধপুরী
ক্রিকেটে যেমন লর্ডস, তেমনি মারাকানাকে বলতে পারেন ফুটবলের তীর্থভূমি। প্রায় দুই লাখ দর্শক ধারণক্ষমতার সেই দৈত্যাকৃতি হয়তো নেই। পুরোনো স্টেডিয়ামটিকে ভেঙে নতুন করে গড়া হলেও ফুটবলপ্রেমীদের কাছে মারাকানা মারাকানাই। তবে নতুন এই মারাকানায় দর্শকেরা চাইলেও বুঝি আর আগের মতো করে আনন্দ-উল্লাস করতে পারবে না। নতুন মারাকানা দর্শকদের উদ্দাম ছন্দে পরাতে যাচ্ছে নিষেধাজ্ঞার বেড়ি।
বিশ্বকাপের ম্যাচের জন্য এরই মধ্যে মারাকানায় পতাকা বহন ও বাদ্যযন্ত্র নিয়ে প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে ফিফা। এর সঙ্গে কর্তৃপক্ষ নিষিদ্ধ করতে যাচ্ছে দর্শকদের খালি গায়ে প্রবেশ এবং দাঁড়িয়ে থাকার ওপরও। মানে কোনো দর্শক উদোম গায়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না, প্রিয় দলের গোল-জয় উদ্যাপনে স্টেডিয়ামে ঢুকেও কেউ জার্সি খুলতে পারবে না। খেলা দেখতে হবে নিজের আসনে বসে, কোনো অবস্থাতেই দাঁড়িয়ে থাকা যাবে না। এমনকি ঘরোয়া ফুটবলেও ভিন্ন ভিন্ন ক্লাবের সমর্থকদের আলাদা আসনব্যবস্থা নিশ্চিত করতে গ্যালারিতে দেওয়া হবে বেড়া।
স্টেডিয়ামটি অনেক দিন ধরেই রিওর ক্লাব ফ্লুমিনেন্স ব্যবহার করে আসছে। নবনির্মিত স্টেডিয়ামটিও আরও ৩৫ বছর ফ্লুমিনেন্স ব্যবহার করবে বলে চুক্তি করেছে। আশা করা হচ্ছে, রিওর আরও তিনটি ক্লাব ফ্লামেঙ্গো, ভাস্কো-দা-গামা ও বোটাফোগোও ঘরোয়া ফুটবলে মারাকানাকে ব্যবহার করতে পারে। যদিও এখনো তারা চুক্তি করেনি।
২০১৪ বিশ্বকাপের ফাইনালই শুধু নয়, ২০১৬ রিও অলিম্পিকেরও অন্যতম ভেন্যু মারাকানা। স্টেডিয়ামে দর্শকের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব নিষিদ্ধ করতে যাচ্ছে কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত এত কড়াকড়ি হিতে বিপরীত হবে না তো? এরই মধ্যে কর্তৃপক্ষের এসব পরিকল্পনার বিরুদ্ধে কথা উঠে গেছে। ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য এবং ২০১৪ বিশ্বকাপের আয়োজক কমিটির সদস্য বেবেতো যেমন টুইট করেছেন, ‘মারাকানায় সমর্থকদের জন্য আলাদা আলাদা জায়গা করাটা হবে লজ্জার।’ এএফপি, রয়টার্স।