মারাকানায় মুদ্রার উল্টো পিঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইনালে বিধ্বস্ত দলের সঙ্গে স্প্যানিশ কোচ দেল বস্ক ছবি: রয়টার্স
ফাইনালে বিধ্বস্ত দলের সঙ্গে স্প্যানিশ কোচ দেল বস্ক ছবি: রয়টার্স

সময়কাল পাঁচ বছর। ২০০৮ থেকে ২০১৩ সাল। দুটো ইউরো ও একটি বিশ্বকাপ ঘরে তুলে স্পেন নিজেদের নিয়ে গিয়েছিল অন্য উচ্চতায়। একের পর এক জয় তাদের ভুলিয়ে দিয়েছিল হারের তিক্ত স্বাদ। সেই স্পেনই কনফেডারেশনস কাপের ফাইনালে ব্রাজিলের কাছে বিধ্বস্ত হয়ে যেন হঠাত্ নিজেদের আবিষ্কার করল মাটিতে। হাওয়ায় উড়তে থাকা স্প্যানিশ ফুটবলের গৌরব যেন লুটিয়ে পড়ল রিওর মারাকানার মাঠে। অনেকেই বলছেন, ফুটবল বিশ্ব যেন একটি অধ্যায়ের শেষ দেখে ফেলল। ব্যাপারটি কি আসলেই তাই? পাঁচ বছরব্যাপী ফুটবল বিশ্বকে শাসন করে আসা ‘লা রোজা’দের রক্তকরবী কী ফিকে হয়ে যাবে একটা হারেই?

কোচ ভিসেন্তে দেল বস্ক তা মনে করেন না। পাঁচ বছর ধরে যে বাগানটি সাজিয়েছেন, তা লন্ডভন্ড হয়ে যাবে একটা ঝড়েই, সেটা মেনে নিতে তীব্র আপত্তি স্প্যানিশ কোচের। তিনি এই হারকে বরং দেখতে চান প্রয়োজনীয় এক শিক্ষা হিসেবেই, ‘মাঝেমধ্যে হারেরও প্রয়োজন আছে।’ তবে দেল বস্ক যা-ই বলুন না কেন, কনফেডারেশনস কাপের ফাইনালে ব্রাজিলের কাছে ৩-০ গোলের হার একটা প্রশ্ন কিন্তু রেখে যাচ্ছেই। এই প্রশ্ন স্পেনের অবিসংবাদিত শ্রেষ্ঠত্বের আসন-সম্পর্কিত। এই জয়ে ব্রাজিল সারা দুনিয়াকে জানিয়ে দিয়েছে, স্পেন ভালো দল হতে পারে কিন্তু তারা অজেয় নয় মোটেই।

গত পাঁচ বছরে স্পেনের জয়যাত্রা একটি বিষয়কে প্রতিষ্ঠিত করেছিল। ফুটবলে ‘চিরায়ত বিজিতের’ দল হিসেবে তাদের যে একটা বিশেষ বদনাম ছিল, ক্যাসিয়াস-জাভি-ইনিয়েস্তারা সেটা প্রায় ভুলিয়েই দিয়েছিলেন। ভালো দল নিয়েও স্পেন বড় মঞ্চে পারফরম করতে পারে না—এই অমোঘ গাথাকে চিরতরে কবর দিয়ে দিয়েছিলেন তাঁরা। কনফেডারেশনস কাপের ফাইনালে হারেও সেই তৃপ্তি নিঃশেষ হয়ে যাচ্ছে না স্প্যানিশদের। এই তৃপ্তির ব্যাপারটি বেরিয়ে এসেছে দেল বস্কের কণ্ঠেই, ‘আমরা অবশ্যই দারুণ একটি দল। আমরা গত পাঁচ বছরে যেভাবে খেলেছি, তাতে নতুন করে আশার সঞ্চার তৈরি করবেই। দারুণ দারুণ খেলোয়াড়দের নিয়ে এ দলটি গঠিত। এই খেলোয়াড়দের নিয়ে আমরা তৈরি করেছি ফুটবলের নিজস্ব একটি ধারা। এই হারে খানিকটা হতাশ হলেও আমাদের সবকিছু অবশ্যই শেষ হয়ে যায়নি।’

শেষ হয়তো হয়ে যায়নি, কিন্তু স্পেনের শেষের শুরুটা দেখতে পাচ্ছেন অনেকেই। সবচেয়ে শঙ্কার বিষয় হলো, দলটির খেলোয়াড়দের গড় বয়স। এখনই ২৭-এর কোটায় থাকা স্পেন দলের ফুটবলারদের গড় বয়স দলটির ভবিষ্যত্ নিয়ে বেশি ভাবাচ্ছে। সব মিলিয়ে কনফেডারেশনস কাপের ফাইনালে ব্রাজিলের কাছে বিধ্বস্ত হওয়া স্পেনের জন্য জেগে ওঠার বিশেষ এক বার্তাই।

ফাইনাল নিয়ে দেল বস্কের বিশ্লেষণটা সোজা-সাফটাই, ‘ফুটবলে আপনাকে সব সময় শক্তিশালী প্রতিপক্ষেরই মুখোমুখি হতে হবে। ব্রাজিল ছিল ফাইনালে এমনই এক প্রতিপক্ষ। ম্যাচের শুরু থেকেই ব্রাজিল আমাদের ওপর চড়ে বসেছিল। শুরুতেই ফ্রেডের গোল ম্যাচ থেকে আমাদের দূরে ঠেলে দেয়।’

সার্জিও র্যামোসের অভিমত, ‘রোববার দিনটা স্পেনের ছিল না। এটি ছিল এমনই এক দিন, যেদিন সবকিছুই আপনার বিপক্ষে যেতে থাকবে। প্রথম গোলটি খুব দ্রুত হয়ে যাওয়াই আমাদের জন্য সর্বনাশের কারণ হয়ে এসেছে।’

আত্মসমালোচনার পাশাপাশি বিজয়ী ব্রাজিলের প্রতি শ্রদ্ধাই ঝরেছে র্যামোসের কণ্ঠে, ‘ফুটবল শ্রেষ্ঠত্বের অপর দিকটিই আজ দেখল ফুটবল বিশ্ব। এটি একটি মুদ্রার মতো। যে মুদ্রা কখন যে কোন পিঠ দেখাবে, সেটা নিশ্চিত করে জানার উপায় নেই।’ সূত্র: রয়টার্স।