মারাকানার ভূত তাড়াতে চান স্কলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে ব্রাজিলই সবচেয়ে সফল দেশ। সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ শিরোপা জিতেছে সেলেসাওরা। কিন্তু নিজ দেশে আয়োজিত প্রথম বিশ্বকাপের শিরোপাটা না জিততে পারার ব্যর্থতা এখনো তাড়িয়ে বেড়ায় ব্রাজিলিয়ানদের। রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে যেন এখনো ঘুরে বেড়ায় ১৯৫০ সালের ভূত। এবার সেই ভূত তাড়ানোর লক্ষ্য নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবেন ব্রাজিলের কোচ লুইস ফিলিপে স্কলারি।

১৯৫০ সালের বিশ্বকাপেই প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে অন্তিম লড়াইয়ে জয় না, ড্র করলেও শিরোপা জয়ের স্বাদ পেত স্বাগতিকরা। কিন্তু উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় দিয়ে শিরোপাটা ছিনিয়ে নিয়েছিল উরুগুয়ে। সেই বিশ্বকাপে অংশ নেওয়া ব্রাজিলিয়ান ফুটবলাররা পরিণত হয়েছিলেন খলনায়কে। তাঁদের মধ্যে অনেককেই বাকি জীবনটা কাটাতে হয়েছে নানাবিধ দুঃখ-দুর্দশার মধ্যে। ব্রাজিলের বেশির ভাগ মানুষের কাছে এখনো পর্যন্ত মারাকানা হয়ে আছে একটা ট্র্যাজেডির নাম। ১৯৫০ সালের সেই বিশ্বকাপের তাত্পর্য অবশ্য স্কলারির কাছে অন্যরকম। ব্রাজিল পরবর্তী সময়ে যে বিশ্বকাপের সফলতম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, তার বীজটা সেই ’৫০ সালেই রোপিত হয়েছিল বলে মন্তব্য করেছেন স্কলারি, ‘১৯৫০ সালের আগে ব্রাজিল একবারও ফাইনাল পর্যন্ত যেতে পারেনি। আমরা যে পাঁচটি শিরোপা জিতেছি তার অগ্রদূত ছিলেন সেই ’৫০ বিশ্বকাপের ফুটবলাররাই। তাঁরাই ব্রাজিলের ইতিহাস গড়ে দিয়েছিলেন। আমরা তাঁদের ওপরে দাঁড়িয়েই সাফল্যগাথা রচনা করেছি। এবার আমরা আবারও ফাইনালে সেই মারাকানায় ফিরতে চাই আর ’৫০-এর সেই দলটাকে যথার্থভাবে স্মরণ করতে চাই।’

ঘরের মাঠে দর্শকদের সমর্থনটাও যে ব্রাজিলের শিরোপা জয়ের পেছনে একটা বড় ভূমিকা পালন করবে, সেটাও সবাইকে মনে করিয়ে দিয়েছেন স্কলারি, ‘মাঠে আমাদের ১২ জন খেলোয়াড় থাকবে। আমরা খেলব আমাদের নিজ দেশের মানুষের সমর্থন সঙ্গে নিয়ে। আমরা চ্যাম্পিয়ন হতে চাই। আমরা জয়ের জন্যই খেলতে নামব।’— রয়টার্স