মারাকানায় তাকিয়ে কাফু

কিছু কিছু ক্ষত আছে, শত প্রলেপেও আড়াল হয় না৷ কোনো কোনো আক্ষেপ মুছে যায় না শত সাফল্যেও৷ ব্রাজিল যেমন ভুলতে পারে না ১৯৫০ বিশ্বকাপকে৷ ওই বিশ্বকাপের পর তিনবার শিরোপা জিতে জুলে রিমে ট্রফি চিরতরে নিজের করে নিয়েছিল ব্রাজিল৷ পরে আরও দুবারের জয়ে নিজেদের প্রতিষ্ঠা করেছে বিশ্বকাপ ইতিহাসের সফলতম দল হিসেবে৷ কিন্তু সাফল্যের এই দারুণ স্রোতও ভাসিয়ে দিতে পারেনি মারাকানার শোকগাথা৷ মাঠে প্রায় দুই লাখ দর্শক আর উৎসবের অপেক্ষায় থাকা গোটা দেশকে স্তব্ধ করেছিল উরুগুইয়ান উইঙ্গার ঘিগিয়ার গোল৷ কাফু বলছেন, সত্যিকারের সুযোগ এবার! ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপজয়ী অধিনায়কের ধারণা, মারাকানায় বিজয়োৎসবই কেবল পারে ৬৪ বছর তাড়া করে ফেরা দুঃস্বপ্নকে মাটিচাপা দিতে৷
১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল৷ তবে ব্রাজিলিয়ানরা মনে মনে আঁকছে ১৩ জুলাইয়ের ছবি৷ সেদিনই মারাকানায় এবারের বিশ্বকাপের ফাইনাল৷ কাফুও তাকিয়ে ওই দিনটির দিকেই৷ পূর্বসূরিদের কাছ থেকে পাওয়া হতাশাটা মুছে দিতে সাবেক ডিফেন্ডার তাকিয়ে উত্তরসূরিদের দিকে৷ তবে ১৯৫০-কে ভুলিয়ে দেওয়ার সম্ভাবনা যেমন আছে, তেমনি একটি শঙ্কার কথাও মনে করিয়ে দিলেন কাফু, ‘দেশের মাটিতে বিশ্বকাপ জয়ই কেবল ভুলিয়ে দিতে পারে ৬৪ বছর আগের দুঃখ৷ যদি এবারও আমরা দেশের মাটিতে বিশ্বকাপ জিততে না পারি, ১৯৫০-এর ভূত ফিরে আসবে ২০১৪-তেও৷ এবং এই জোড়া দুঃস্বপ্ন আমাদের তাড়িয়ে বেড়াবে দেশের মাটিতে আবারও বিশ্বকাপ না হওয়া পর্যন্ত৷’
অনেকেরই ধারণা, মারাকানায় সেবার প্রত্যাশার চাপেই নুয়ে পড়েছিল ব্রাজিল৷ প্রত্যাশার চাপ বেশি বৈ কম থাকবে না এবারও৷ তবে চাপকে বড় কোনো প্রতিবন্ধকতা মানতে নারাজ ব্রাজিলের জার্সিতে সবচেয়ে বেশিবার (১৪২) মাঠে নামা ফুটবলার, ‘ব্রাজিলের কাছে সব সময় জয়টাই থাকে প্রত্যাশিত, সেটা দেশের মাটিতে হোক বা বিদেশে৷ আর সব দলই সব জায়গায় ব্রাজিলকে
হারাতে চায়৷ সবচেয়ে সফল দলের কাছে প্রত্যাশাও সবচেয়ে বেশি থাকবেই৷ আবার পাঁচবার শিরোপা জয়ই বলছে, চাপটা আমরা ভালোই সামলাতে পারি৷ দেশের মাটিতে খেলা বা প্রত্যাশার চাপকে আমি তাই মোটেও নেতিবাচকভাবে দেখছি না৷’
চাপ সামলানোর টিপস উত্তরসূরিদের সবচেয়ে ভালো দিতে পারেন হয়তো কাফুই৷ তিনটি বিশ্বকাপের ফাইনাল খেলা ইতিহাসের একমাত্র ফুটবলার কাফু৷ তিনবারের দুবারই আবার ছুঁয়েছিলেন ট্রফি (১৯৯৪ ও ২০০২)৷ তাঁর নেতৃত্বেই জাপান-কোরিয়ায় ব্রাজিল জিতেছিল স্বপ্নের ‘পেন্টা৷’ এবার ‘হেক্সা’ মিশনে ব্রাজিলের সামনে প্রতিদ্বন্দ্বী হিসেবে বেশ কটি দলকেই দেখতে পাচ্ছেন সর্বকালের সেরা রাইটব্যাকদের একজন৷ তবে আলাদা করে বললেন বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের কথা, ‘সাবেক প্রতিটি চ্যাম্পিয়ন আমাদের সামনে বাধা হতে পারে—ইংল্যান্ড, আর্জেন্টিনা, উরুগুয়ে, স্পেন, ইতালি...৷ স্পেন এখনো দুর্দান্ত এক দল৷ অনেকেই বলছে ওদের মান পড়তির দিকে৷ আমি তো তেমন কিছু দেখছি না!’
ব্রাজিলে চলমান বিক্ষোভ ও নির্মাণকাজের আশঙ্কাজনক ধীরগতি নিয়েও কথা বললেন সর্বকালের সেরা রাইটব্যাকদের একজন, ‘এমন তো নয় যে শুধু ব্রািজলেই আন্দোলন হচ্ছে৷ বিশ্বের অনেক দেশেই অনেক ইস্যু নিয়ে আন্দোলন হচ্ছে, কত জায়গায় যুদ্ধ হচ্ছে৷ আমাদের এখানে তো দেশের ভালোর জন্য কয়েকটি ইস্যু নিয়ে গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে৷ বিশ্বকাপ শুরু হলেই সবার মনোযোগ খেলায় ফিরবে৷ আশা করি, আন্দোলনের প্রভাব মাঠে পড়বে না৷ প্রস্তুতির সমস্যাও আমরা কাটিয়ে উঠব৷ এত বড় আসরে সব সময়ই কাজের গতি নিয়ে খানিকটা সমস্যা হয়৷ সব ঠিক হয়ে যাবে৷’ এএফপি৷