মারিও জাগালো হাসপাতালে

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মারিও জাগালো। ৮২ বছর বয়সী ব্রাজিলীয় এই ফুটবল কিংবদন্তি বেশ কিছু দিন ধরেই মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন। সমস্যা জটিল হওয়ায় গতকাল তাঁকে রিও ডি জেনিরোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।
ব্রাজিলীয় ফুটবলে এক অনন্য নাম এই জাগালো। সৌম্য-দর্শন এই ফুটবল ব্যক্তিত্বের নামের সঙ্গে যেন জড়িয়ে আছে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের ইতিহাস। ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপ জয়ের চারটিতেই বিভিন্ন ভূমিকায় জড়িয়ে আছে তাঁর নাম। ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিলের প্রথম দুটি বিশ্বকাপ জয়ে তাঁর অবদান খেলোয়াড় হিসেবে। ১৯৭০ সালে কোচ হিসেবে তিনি নেতৃত্ব দেন জুলেরিমে ট্রফি নিজেদের করে নেওয়ার মিশনে। ২৪ বছর পর, ১৯৯৪ সালে ব্রাজিলের চতুর্থ বিশ্বকাপ জয়ের মিশনেও তিনি ছিলেন দলের টেকনিক্যাল পরামর্শক ও সহযোগী কোচ। এএফপি।