মারিয়ানার জালে বাংলাদেশের চার গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যাশা ছিল বাংলাদেশের গোলের তোড়ে ভেসে যাবে আন্তর্জাতিক ফুটবলে নবাগত নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড। শেষ পর্যন্ত স্কোরলাইনটা ৪-০। বাংলাদেশ মারিয়ানা আইল্যান্ডের জালে চারবার বল জড়িয়েছে অন্তত ডজনখানেক গোলের সুযোগ নষ্ট করে। এর মধ্যে একটি আবার পেনাল্টি। ডাচ কোচ লুডউইক ডি ক্রুইফ ও রেনে কোস্টারের অধীনে বাংলাদেশের ফুটবলের স্টাইলটা কেমন হবে, সেটি আজ দেখালেন বাংলাদেশের ফুটবলাররা। কিন্তু যে ব্যাপারটি বড় করুণভাবে চোখে ধরা দিল তা হলো, একজন যোগ্য স্কোরারের অভাব। জাহিদ হাসান এমিলি, জাহিদ হোসেনকে খুব করে মিস করল আজ বাংলাদেশ।ছোট ছোট পাসে মারিয়ানা আইল্যান্ডের শৌখিন ফুটবলারদের দিশেহারা করে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের সামনে আজ বাধার প্রাচীর হয়ে দাঁড়ালের মাথা মুড়োনো মারিয়ানার গোলরক্ষক হুনান টমাস। যিনি আবার দলটির অধিনায়কও। চীনের প্রাচীরের মতো বাংলাদেশ দলের আক্রমণগুলোকে ফিরিয়ে দিলেন। এই গোলরক্ষক না থাকলে ম্যাচে বাংলাদেশ ১৪/১৫ গোলে জিতলেও অবাক হওয়ার কিছু থাকত না।মারিয়ানা আইল্যান্ডের কিচ্ছু নেই। এরা ফুটবল জানে না। পুরো ম্যাচে পঁচানব্বই শতাংশ সময়ই বল ছিল বাংলাদেশের পায়ে। বাংলাদেশ তাদের ফুটবল ইতিহাসে এত শিক্ষানবিশ দল প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল কি না, সন্দেহ। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সবচেয়ে বড় জয়ের প্রতিপক্ষ মালদ্বীপও ১৯৮৫ সালে মারিয়ানা আইল্যান্ডের মানের ছিল কি না, সেটি বলতে পারবেন ইতিহাসবিদেরা। তবে এটা ঠিক, মারিয়ানা আইল্যান্ডের বিপক্ষে আজ সর্বোচ্চ গোলের ব্যবধানের রেকর্ডটাকে নতুন করে তৈরি করার ভালো সুযোগ ছিল বাংলাদেশের সামনে। বাংলাদেশের এই দলটিতে সবই আছে, নেই কেবল একজন কাজী সালাউদ্দিন, সালাম মুর্শেদী, শেখ মোহাম্মদ আসলাম কিংবা ইমতিয়াজ আহমেদ নকীব। পুরো খেলায় বল নিয়ে তেঁড়ে-ফুঁড়ে মারিয়ানার বক্সের মধ্যে ঢুকতে চাইল বাংলাদেশ। কিন্তু দেখা গেল না দুই প্রান্ত থেকে কোনো ক্রসপিস কিংবা দূরপাল্লার কোনো দুরন্ত শট। আদান-প্রদানের খেলায় যখন গোল আসছিল না, তখন বলকে হাওয়ায় ভাসিয়ে চেষ্টা করা যেতেই পারত।যা-ই হোক, ম্যাচের শুরুতেই তকলিচের গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। টেলিভিশনের সামনে দর্শকেরা নড়েচড়ে বসেছিলেন বড় বিজয়ের প্রত্যাশায়। কিন্তু, গোল আর আসছিল না। ১২ মিনিটের সময় পেনাল্টি মিস করেন শাখাওয়াত রনি। ৩৭ মিনিটে সেই শাখাওয়াতই দলকে এগিয়ে দেন ২-০ গোলে। প্রথমার্ধে কমপক্ষে ছয়টি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয়। এর মধ্যে চারটি বাঁচিয়ে দেন মারিয়ানা গোলরক্ষক টমাস। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় বাংলাদেশ। কিন্তু গোলটাই কেবল আসেনি। ৫৬ মিনিটে একটি গোল রেফারি অফসাইডের অজুহাতে বাতিল করে দেন। তৃতীয় গোলের দেখা মেলে ৮৩ মিনিটে। সেই তকলিচের পা থেকে আসে গোলটি। ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পর হাতে পাওয়া অতিরিক্ত তিন মিনিটের প্রথম মিনিটে লিংকন স্কোর লাইনের চেহারাটাকে একটু ভারিক্কি রূপ দেন। তিন খেলা শেষে বাংলাদেশের পয়েন্ট এখন ৬। পক্ষে গোল ছয়টি, বিপক্ষে একটি। গ্রুপ ডি-র শেষ ম্যাচে সন্ধ্যায় ফিলিস্তিনের মুখোমুখি হচ্ছে স্বাগতিক নেপাল। ওই ম্যাচে নেপাল ফিলিস্তিনকে হারিয়ে দিলে বাংলাদেশের এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে (সেরা রানার্সআপ হয়ে) খেলার আর কোনো সম্ভাবনাই থাকবে না। সেক্ষেত্রে নেপাল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলে যাবে চূড়ান্ত পর্বে। বাংলাদেশ হবে গ্রুপে তৃতীয়। সেরা রানার্স আপ হয়ে চূড়ান্ত পর্বে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। নেপাল ফিলিস্তিনের কাছে হেরে গেলে ফিলিস্তিন চলে যাবে চূড়ান্ত পর্বে। আর বাংলাদেশ হয়ে যাবে গ্রুপ রানার্স আপ। তখন বাকি গ্রুপগুলোর সেরা রানার্স আপদের সঙ্গে তুলনামূলক বিচারে দুটি সেরা রানার্স আপ আগামী বছর মালদ্বীপে অনুষ্ঠেয় চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বের টিকিট পাবে।