মারিয়া-রোনালদোর গোলে রিয়ালের জয়

বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্ট করেও শেষাবধি স্কোরশিটে নিজের নাম তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অ্যাঙ্গেল ডি মারিয়া আর রোনালদোর দুই গোল কাল ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ মালাগার সঙ্গে পার্থক্য তৈরি করেছে।
স্কোর লাইন ২-০ হলেও মালাগাকে আরও বড় ব্যবধানেই হারাতে পারত ‘লস ব্ল্যাঙ্কোস’রা। পুরো খেলাতেই ছিল তাদের একাধিপত্য। কিন্তু গোলের সুযোগ তৈরি হলেও গোল করার ব্যর্থতায় স্কোর লাইন আর বড় হতে পারেনি। রোনালদো ম্যাচের প্রথম ২০ মিনিটের মধ্যেই দুটি গোলের সুযোগ হাতছাড়া করেন। প্রথমে তাঁর শট লাগে ক্রসবারে। পরের বার তিনি গোলরক্ষককে একা পেয়েও পোস্টের বাইরে দিয়ে বল মারেন।
ম্যাচের ৩৫ মিনিটের সময় মার্সেলোর এক দারুণ ক্রস থেকে বল পেয়ে মোরাতার শট ঠেকিয়ে দেন মালাগার আর্জেন্টাইন গোলরক্ষক কাবালেরো।
প্রথমার্ধে ভাগ্য রিয়ালের সহায় না থাকলেও দ্বিতীয়ার্ধে তা রিয়ালের পক্ষে ঘুরে দাঁড়ায় দারুণভাবেই। বিরতির পর প্রথম মিনিটেই এক অভাবিত গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। ডান প্রান্ত থেকে ডি মারিয়া রোনালদোর উদ্দেশে মালাগার বক্সে ক্রস ফেললে তা কীভাবে যেন গোলে প্রবেশ করে। রোনালদো মারিয়ার ক্রস হেড করার জন্য লাফালেও বলে তিনি মাথা ছোঁয়াতে পারেননি। কিন্তু মারিয়ার ক্রসটি গোলরক্ষক কাবালেরোকে বোকা বানিয়ে গোলে প্রবেশ করে।
ম্যাচের একেবারে শেষ মিনিটে গ্যারেথ বেল মালাগার রক্ষণব্যূহে অবৈধ বাধার শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টিটি কাজে লাগান রোনালদো। তবে পেনাল্টি থেকে গোল করলেও রোনালদোর উদযাপনই বলে দিচ্ছিল পুরো খেলায় অনেকগুলো গোলের সুযোগ নষ্ট করার ব্যাপারটি তাঁকে ভেতরে ভেতরে ভালোই পোড়াচ্ছে। সূত্র: রয়টার্স।