মারুফ-কালা মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সব প্রশ্নের উত্তর দিছি। মারুফ বলেছে, ম্যাচের সময় তারে টেলিফোন করছি। আসলে টেলিফোনটা মিসটেক হইয়া গেছে। আমি টিপু সুলতানকে (রহমতগঞ্জ সাধারণ সম্পাদক) কইছি, দুম্বা ব্যথা পাইছে। এখন তারে উঠাইয়া লইতে হবে। উঠাইয়া লইলে আমরা ৪-৫ গোল খায়া ফালামু। অথচ সে (মারুফ) বলতাছে, এই কথা বলিনি, আমি নাকি বলেছি গোল যা দিবার দেন...।’বাফুফে ভবনে দাঁড়িয়ে কাল রাতে বলছিলেন রহমতগঞ্জ ক্লাবের ফুটবল সম্পাদক সালাউদ্দিন কালা। মুক্তিযোদ্ধা কোচ মারুফুল হক দুই দিন আগে পাতানো খেলার অভিযোগে তদন্তাধীন শেখ জামাল-রহমতগঞ্জ ম্যাচের ব্যাপারে বোমা ফাটিয়েছেন। তবে মারুফের সঙ্গে কাল তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার পর কালা আরও দাবি করলেন, ‘আসলে সে (মারুফ) আমাকে সাড়ে তিন লাখ টাকা অফার করেছে। এর আগে কক্সবাজারে খেলার আগে টেলিফোনে বলছে, যত টাকা লাগে লন, ডিনার খান।’কাল সন্ধ্যার পর মারুফ ও কালা দুজনের সঙ্গেই আলাদাভাবে কথা বলেছে পাতানো খেলা বিষয়ক তদন্ত কমিটি। পরে তাঁদেরকে মুখোমুখিও করা হয়। মারুফ সাংবাদিকদের বলেছেন, ‘আমি মিডিয়ায় যা বলেছি, সেটিই বলেছি কমিটিকে। শুধু একটা জায়গায় তাঁর (সালাউদ্দিন কালা) সঙ্গে অমিল ছিল। আমি বলেছি, কালা ভাই আমাকে ভুলে ফোন করে বলেছেন, ‘‘যে ডিফেন্ডার ঝামেলা করছে ওরে উঠাইয়া নিলাম। যত পারেন গোল দেন। এটা তিনি অস্বীকার করেছেন।’লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী তদন্তের স্বার্থে মুখ খোলেননি ‘দুজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এই সপ্তাহের মধ্যেই ফেডারেশন সভাপতিকে আমরা রিপোর্ট ও সুপারিশ দেব।’শেখ জামালের কেক: বাফুফে ভবনে কাল বিকেলে বিশাল কেক আর ফুলের তোড়া নিয়ে আসেন ‘চ্যাম্পিয়ন’ শেখ জামালের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের কক্ষে তাঁরা কিছু সময় ছিলেন। ‘সুন্দর একটা লিগ’ শেষ করার জন্য শেখ জামাল কর্মকর্তারা ধন্যবাদ জানান বাফুফেকে।