মারে, মারে এবং মারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মারে, মারে’। গোটা ব্রিটেনই যেন প্রকম্পিত এই একটা শব্দে। রাস্তাঘাট থেকে শুরু করে পত্রিকা অফিস, প্রধানমন্ত্রীর দপ্তর, রানিমাতার বাসভবন—সর্বত্রই চলছে মারের জয়গান।অত্যুৎসাহী বলে ব্রিটিশদের একটা দুর্নাম আছে। সেটা মেনে নিয়েও বলা যায়, ব্রিটিশদের এই বাঁধভাঙা উল্লাস-অভিনন্দন-প্রশংসা বাড়াবাড়ি নয়! ইতিহাসের দায় মিটিয়ে একটা জাতির ৭৭ বছরের হাহাকার মুছে দিলেন যিনি, সেই নায়কের এমন প্রশংসা তো প্রাপ্যই। সর্বশেষ ব্রিটিশ হিসেবে উইম্বলডন জিতেছিলেন ফ্রেড পেরি, সেই ১৯৩৬ সালে। স্কটিশদের অপেক্ষা ছিল আরও লম্বা। স্কটিশ হিসেবে সর্বশেষ উইম্বলডন জিতেছিলেন হ্যারল্ড মাহনি, ১৮৯৬ সালে! অবশেষে অপেক্ষার অবসান ঘটালেন মারে, পরশু নোভাক জোকোভিচকে হারিয়ে উঁচিয়ে ধরলেন উইম্বলডন শিরোপা।ব্রিটেনের ৭৬ বছরের গ্র্যান্ড স্লাম-খরা মারে ঘুচিয়েছেন গত বছরই। এই জোকোভিচকে হারিয়েই জিতেছিলেন ইউএস ওপেন। পরশু শেষ হলো ঘরের কোর্টে শিরোপার অপেক্ষাও। জোকোভিচকে হারিয়ে যখন অল-ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে ট্রফিটা উঁচিয়ে ধরলেন মারে, এক টুকরো ব্রিটেন হয়ে পুরো গ্যালারিই যেন গর্জে উঠল।সেই গর্জন আছড়ে পড়েছে প্রশংসাবানে রূপ নিয়ে। সবাই মেতেছেন মারে-বন্দনায়। যাঁদের তালিকায় আছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, রানি দ্বিতীয় এলিজাবেথও। প্রধানমন্ত্রী ক্যামেরন মারের ইতিহাস গড়ার সাক্ষী হয়েছেন গ্যালারিতে বসেই। অভিনন্দনটা জানিয়েছেন নগদই। পরে বিবিসিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘অ্যান্ডি মারের পারফরম্যান্স ছিল বিস্ময়কর। এটা ব্রিটেনের টেনিস এবং ব্রিটিশদের জন্যই বিস্ময়কর এক দিন।’ বিবিসির রাজপরিবারের প্রতিনিধি বলেছেন, ‘রানি অ্যান্ডি মারেকে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন।’ তবে মারে স্তুতিতে সবার ওপরে বুঝি ব্রিটিশ গণমাধ্যমই। প্রতিটি পত্রিকাই বিশাল বিশাল ছবিসহ প্রথম পাতায় ব্যানার শিরোনাম করেছে। দাবি জানিয়েছে মারেকে ‘নাইটহুড’ খেতাব দেওয়ার। কোনো কোনো পত্রিকা তো ‘স্যার মারে’ ডাকাও শুরু করে দিয়েছে! দ্য টেলিগ্রাফ শিরোনাম করেছে, ‘৭৭ বছর পর অপেক্ষার অবসান।’ ডেইলি মিরর-এর শিরোনাম, ‘মারের হাতে ইতিহাস।’ ডেইলি এক্সপ্রেস লিখেছে, ‘জাদুকর মারে।’ তুলনায় দ্য গার্ডিয়ান ও ইনডিপেনডেন্ট-এর শিরোনাম একটু সাদামাটা, ‘চ্যাম্পিয়ন।’ পরাজয় থেকে শিক্ষা নেবেন দাবি করে বিজয়ী মারেকে অভিনন্দন জানিয়েছেন জোকোভিচও, ‘সে অবিশ্বাস্য টেনিস খেলেছে। তাকে, তার দল ও দেশকে অভিনন্দন। আমি জানি, আপনাদের কাছে এর অর্থ কী।’গত বছর ফাইনালে উঠলেও রজার ফেদেরারের কাছে হেরে কেঁদেছিলেন। এবার প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি মারে। জোকোভিচকে হারিয়েছেন সরাসরি সেটে। অবশ্য ৬-৪, ৭-৫, ৬-৪ স্কোরলাইনটা ঠিক বোঝাতে পারছে না, এর মধ্যেও কতটা উত্থান-পতনের ঢেউ গেছে। ম্যাচ শেষে মারে তাঁর ক্যারিয়ারটা ঘুরিয়ে দেওয়ার জন্য ইভান লেন্ডলকে কৃতজ্ঞতা জানিয়েছেন। গত বছর ৮টি গ্র্যান্ড স্লামজয়ী লেন্ডলকে কোচ করার পর মারে জিতেছেন অলিম্পিক সোনা ও ইউএস ওপেন। সর্বশেষ এল পরম কাঙ্ক্ষিত উইম্বলডন। যে শিরোপা মারে উৎসর্গ করেছেন কোচকেই। গুরু লেন্ডলও মারের অর্জনে উচ্ছ্বসিত। ছেলের ঐতিহাসিক অর্জনের পর মারের মা জুডির প্রতিক্রিয়া, ‘ছেলেকে উইম্বলডন জিততে দেখাটা জীবনের সেরা অনুভূতি। শেষ তিনটি ঘণ্টা আমি নড়াচড়াই করতে পারছিলাম না।’ আজন্ম স্বপ্ন পূরণের পর মারের সবকিছুকে মনে হচ্ছে স্বপ্নের মতো, ‘আমি বুঝতে পেরেছিলাম, ব্রিটেনের মানুষ উইম্বলডন শিরোপাটা কতটা চেয়েছিল। আশা করি, এটা সবাই উপভোগ করেছে।’ এই আনন্দের মধ্যেও ২৬ বছর বয়সী মারে চাইছেন তাঁর এই অর্জন যেন অপচয়িত না হয়। আরেকজন উইম্বলডনজয়ীকে পেতে ৭৭ বছর অপেক্ষা যাতে করতে না হয়, সে জন্য এখন থেকেই ব্রিটিশদের প্রতি ভেবেচিন্তে টেনিসে অর্থ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। সঙ্গে জানিয়েছেন নিজের একটা লক্ষ্যের কথাও। উঠতে চান র্যাঙ্কিংয়ের শীর্ষে, জিততে চান আরও অনেক উইম্বলডন। এএফপি, রয়টার্স।