মারে-ইভানোভিচের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন আগে-পরে দুই সার্বিয়ান তারকার বিদায়ঘণ্টা বাজিয়ে দিল ইউএস ওপেন। আগের দিন ইয়েলেনা জাঙ্কোভিচ বিদায় নিয়েছেন। পরশু চতুর্থ রাউন্ডেই শেষ হয়ে গেল আনা ইভানোভিচের আরেকটি গ্র্যান্ড স্লাম অভিযান। তবে ইভানোভিচের হারকে ‘অঘটন’ বলে চালিয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ তিনি হেরেছেন টুর্নামেন্টের অন্যতম ফেবারিট কিম ক্লাইস্টার্সের কাছে।ইভানোভিচের হার ‘অঘটন’ না হলেও পরশু ইউএস ওপেনে অঘটনের আঁচড় কিন্তু লেগেছে। গত বছরের ফ্রেঞ্চ ওপেনজয়ী রুশ তারকা কুজনেৎসোভাকে ৭-৫, ৭-৬ (৭-৪) ব্যবধানে হারিয়ে দিয়েছেন স্লোভাকিয়ার দোমিনিকা চিবুলকোভা। অবাছাই চিবুলকোভা কোয়ার্টার ফাইনালে শারাপোভা-ওজনিয়াকি লড়াইয়ের বিজয়ীর মুখোমুখি হবেন।বড় অঘটনটা ঘটেছে পুরুষদের খেলায়। তৃতীয় রাউন্ডেই হেরে গেছেন ২০০৮-এর রানারআপ অ্যান্ডি মারে। চতুর্থ বাছাই মারেকে হারিয়ে অঘটন ঘটিয়েছেন সুইজারল্যান্ডের স্ত্যানিসলাস ওয়ারিঙ্কা। মারে কান্নাভেজা চোখে বিদায় নিলেও প্রথম ইউএস শিরোপাপথে আরেক ধাপ পেরিয়েছেন রাফায়েল নাদাল। শেষ ষোলোতে তাঁর সঙ্গী দুই স্বদেশি ডেভিড ফেরার আর ফার্নান্দো ভারদাস্কোও।নাদাল ৬-৪, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন ফ্রান্সের সিমোন জিলেসকে। ফেরার ৭-৬ (৭-২), ৬-২, ৬-২ গেমে দানিয়েল গিমেনো ত্রাভেরকে এবং ভারদাস্কো ৬-২, ৩-৬, ৬-৩, ৬-২ গেমে জিতেছেন ডেভিড নালবান্দিয়ানের বিপক্ষে।এদিকে ক্লাইস্টার্সের সঙ্গে শেষ আটের টিকিট কেটেছেন আরও তিনজন—ভেনাস উইলিয়ামস, ফ্রান্সেসকা শিয়াভোনে ও অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুর। ইউএস ওপেনের মহিলা এককে টানা দুটি শিরোপা জয়ের সর্বশেষ কৃতিত্ব ভেনাস উইলিয়ামসের। ২০০০ ও ২০০১-এ তিনি শিরোপা উৎসব করেছিলেন ফ্লাশিং মিডোতে। এবার সেই সুযোগ ক্লাইস্টার্সের সামনে। গত বছর অবসর ভেঙে ফিরেই ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন। ইউএস ওপেনে পঞ্চম এবং ক্যারিয়ারে ১৭তম গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনালের পথে ইভানোভিচকে যেভাবে উড়িয়ে দিলেন, তাতে ছুটছেন বলাটাই যুক্তিসংগত। বেলজিয়ান তারকা জিতেছেন মাত্র ৫৯ মিনিটে, ৬-২, ৬-১ গেমে। কোয়ার্টার ফাইনালে তাঁর সামনে অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুর। যিনি রাশিয়ার এলেনা দেমেন্তিয়েভাকে ৬-৩, ২-৬, ৭-৬ (৭-২) গেমে হারিয়ে ১৯৮৬ সালে ওয়েন্ডি টার্নবুলের পর প্রথম অস্ট্রেলিয়ান মহিলা তারকা হিসেবে পা রেখেছেন চতুর্থ রাউন্ডে। এই রেকর্ডের সঙ্গে স্টোসুর গড়েছেন ইউএস ওপেনের মহিলা এককে সবচেয়ে দেরিতে ম্যাচ শেষ করার ইতিহাসও। দেমেন্তিয়েভার বিপক্ষে ম্যাচটি শেষ হয়েছে ১টা ৩৬ মিনিটে (মধ্যরাতে)। ১৯৮৭ সালে সবচেয়ে দেরিতে শেষ হওয়া ম্যাচের চেয়েও ম্যাচটি ছয় মিনিট বেশি গড়িয়েছে। যদিও পুরুষ এককে সবচেয়ে দেরিতে শেষ হওয়া ম্যাচের রেকর্ডটি আরও ৫০ মিনিট বেশি। আরেক কোয়ার্টার ফাইনালে ভেনাসের মুখোমুখি ফ্রেঞ্চ ওপেনজয়ী ফ্রান্সেসকা শিয়াভোনে। শেষ আটের পথে ভেনাস ইসরায়েলের শাহার পিয়ারকে হারিয়েছেন ৭-৬ (৭-৩), ৬-৩ গেমে। শিয়াভোনে ২০০৩ সালের পর প্রথম ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে ৬-৩, ৬-০ গেমে হারিয়ে। রয়টার্স।