মারে-কেভিতোভার প্রস্তুতি
অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিটা ভালোই হলো অ্যান্ডি মারের। ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনালে ইউক্রেনের আলেক্সান্ডার ডোলগোপোলোভকে ৬-১, ৬-৩-এ হারিয়েছেন বিশ্বের চার নম্বর তারকা। হপম্যান কাপ জিতে প্রস্তুতিটা ভালো হয়েছে পেত্রা কেভিতোভারও। হপম্যান কাপ জয়ে কেভিতোভার সঙ্গী টমাস বারডিচের দাবি, খানিকটা চোট নিয়ে পার্থে এসেছিলেন কেভিতোভা। কিন্তু কোর্টে সেটি সামান্যতমও বোঝা যায়নি। চার প্রতিপক্ষকে একরকম উড়িয়েই দিয়েছেন বিশ্বের দুই নম্বর তারকা।টুর্নামেন্টে মাত্র একটা সেটই হেরেছেন কেভিতোভা, বিশ্বের এক নম্বর তারকা ক্যারোলিন ওজনিয়াকির বিপক্ষে। যেভাবে এগোচ্ছেন, তাতে ১১৫ পয়েন্ট ওপরে থাকা ওজনিয়াকিকে পেছনে ফেলতে খুব বেশি সময় লাগার কথা নয়। চেক তারকার দৃষ্টিও সেদিকেই, ‘আশা করি, হপম্যান কাপ জয় অস্ট্রেলিয়ান ওপেনে আমাকে ভালো খেলতে আত্মবিশ্বাস জোগাবে। এক নম্বরের খুব কাছে আমি, তবে এখনো অনেক পরিশ্রম করতে হবে।’ এএফপি।