মারেকে অপেক্ষায়ই রাখতে চান ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ লিখেছেন, ‘আজি হতে শতবর্ষ আগে’। জীবনানন্দ লিখেছেন ‘হাজার বছর ধরে’। আর রজার ফেদেরার বলছেন, শতও নয়, হাজারও নয়; দেড় লাখ! সর্বশেষ কোনো ব্রিটিশ পুরুষ কোনো গ্র্যান্ড স্লাম এককের শিরোপা নাকি জিতেছেন দেড় লাখ বছর আগে! কৌতুক করেই বলা। আসলে অ্যান্ডি মারেকে নিয়ে এই কথা এতবার লেখা হয়েছে যে তিনি নিজেও বিরক্ত। আজ ফাইনালে নামার আগেই যেমন তিনি বলে দিয়েছেন, শিরোপা তিনি জিততে চান বটে, কিন্তু ব্রিটিশদের এই দীর্ঘ অপেক্ষা ঘোচানোর কোনো বাসনা তাঁর নেই। তিনি শিরোপা জিততে চান তাঁর কাছের মানুষের জন্য।২২ বছর বয়সী মারে বেশ আত্মপ্রত্যয়ী যে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা তিনি এবারই জিতবেন। মারেকে আত্মবিশ্বাস জোগাচ্ছে আসলে একটি পরিসংখ্যান। পেশাদার ক্যারিয়ারে পা রাখার পর প্রথম গ্র্যান্ড স্লাম জিততে পাঁচ বছর অপেক্ষা করতে হয়েছে ফেদেরারকে। ১৭তম গ্র্যান্ড স্লামে এসেই ২০০৩-এর উইম্বলডন জেতেন তিনি।মারের পেশাদার ক্যারিয়ার শুরু ২০০৫ সালে। সেই হিসাবে তাঁরও পাঁচ বছর হয়ে গেল। এবং এটা তাঁরও ক্যারিয়ারের ১৭ নম্বর গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট! কিন্তু এই মিলই কি যথেষ্ট? নেটের ও-প্রান্তের ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার মানুষটি যে টেনিস ইতিহাসের সর্বকালের সফলতম খেলোয়াড়। এই ফেদেরারের কাছেই তো হেরে গিয়েছিলেন ২০০৮ সালের ইউএস ওপেনের ফাইনালে।ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে প্রতিপক্ষ সেই একজনকেই পাচ্ছেন মারে—ফেদেরার। সেবার সরাসরি সেটে হেরেছিলেন। আজ পেছন ফিরে মারের মনে হয়, সেদিন আসলে অভিজ্ঞতার কাছে হার মেনেছিল তারুণ্য, ‘তখন আমার বয়স ছিল মাত্র ২০। বোঝেনই তো, কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে খেলার পক্ষে ২০ বছর বড্ড কম সময়। এর পর বছর দেড়েক পার হয়েছে। আমি শারীরিক ও মানসিকভাবে এখন অনেক পরিণত।’ শুধু তা-ই নয়, মারে এখন টেনিস বিশ্বের সেই বিরল খেলোয়াড়দের একজন, ফেদেরারের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এখনো এগিয়ে (৬-৪) আছে যিনি।তবে কাজটা তাঁর জন্য যে সহজ হবে না, সেটি ফেদেরারই বলে দিয়েছেন। সাধারণত ম্যাচের আগে প্রতিপক্ষ উড়িয়ে দেওয়ার হুঙ্কার দেন না তিনি। সেমিফাইনালে জো-উইলফ্রায়েড সোঙ্গাকে উড়িয়ে দেওয়া পর মুখে কিছু বলার দরকারও ছিল না। কিন্তু তারপরও নিজের খেলায় মুগ্ধ ফেদেরার জানিয়ে দিয়েছেন, মারের অপেক্ষাটা শিগগিরই ফুরোচ্ছে না।হায়, অপেক্ষাটা যে সোয়া ছয় কোটি ব্রিটিশের!