মারেকে দিয়ে আর হবে না!
অ্যান্ডি মারে ব্রিটিশদের চোখে প্রথম স্বপ্ন আঁকেন ২০০৮ সালে। সেবার উঠেছিলেন ইউএস ওপেনের ফাইনালে। মারেকে উড়িয়ে দিয়ে ব্রিটিশদের স্বপ্ন ভেঙে দেন রজার ফেদেরার। গত বছরের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও সেই ফেদেরারের কাছে উড়ে গেছেন। এবারের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ফেদেরার ছিলেন না। ব্রিটেন স্বপ্ন দেখছিল ৭৫ বছর পর আবার কোনো ব্রিটিশ খেলোয়াড়ের হাতে গ্র্যান্ড স্লাম। কিন্তু নোভাক জোকোভিচের হাতে সেটি খুন। বারবার স্বপ্নাহত ব্রিটিশরা মারেকে নিয়ে আর স্বপ্ন দেখতে চায় না। হতাশ ব্রিটিশ সংবাদমাধ্যম দীর্ঘশ্বাস ফেলে লিখে দিয়েছে—মারেকে দিয়ে আর গ্র্যান্ড স্লাম জেতা হবে না!তিনটি গ্র্যান্ড স্লাম ফাইনালে একটি সেটও জিততে পারেননি মারে। জনপ্রিয় ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান জোকোভিচের কাছে তাঁর পরাজয়ের পর লিখেছে, “সে এভাবে চূর্ণ হয়ে গিয়ে মানুষকে একটা বার্তাই দিয়েছে, ‘আমার পক্ষে আর এটা (গ্র্যান্ড স্লাম শিরোপা) জেতা হবে না!”মারেকে দিয়ে কেন হবে না, তার এর একটি বিশ্লেষণও আছে। বড় মঞ্চে যেখানে নিজেকে আরও বেশি শাণিত হতে হয়, সেখানে মারে কিনা ভয় পেয়ে যান। দ্য টাইমস-এর কথা, ‘গ্র্যান্ড স্লামের ফাইনালে খেলার মতো ভালো সে নয়। টেনিস খেলাটাই হচ্ছে বড় মঞ্চে, বড় খেলোয়াড়দের বিপক্ষে নিজের সেরাটা দেওয়ার বিষয়। মারে এ ক্ষেত্রে আরও খারাপ খেলে।’তবে ফাইনালে মারেকে যিনি উড়িয়ে দিয়েছেন, সেই জোকোভিচের ধারণাটা ভিন্ন। তাঁর বিশ্বাস, ফ্রেড পেরির পর (এই ব্রিটিশ তারকা সর্বশেষ গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ১৯৩৬ সালে) মারেই ব্রিটেনের পক্ষে প্রথম গ্র্যান্ড স্লাম জিতবেন। ‘অ্যান্ডি মারে প্রতিভাবান খেলোয়াড়। সে খুব পরিশ্রমী। তিনবার ফাইনালে উঠেছে। এখন কেবল তুলির শেষ আঁচড়টাই লাগবে!’—বলেছেন সার্বিয়ান তারকা।এদিকে টেনিস-বিশ্বে চলছে জোকোভিচ-বন্দনা। তাঁকে নিয়ে পুরোনো একটা স্বপ্ন আবার নতুন করে দেখতে শুরু করেছে অনেকেই—গ্র্যান্ড স্লামে ফেদেরার-নাদালময়তার অবসান ঘটাবেন জোকোভিচ। দাঁড়িয়ে যাবেন তৃতীয় শক্তি হিসেবে। সিডনির দ্য টেলিগ্রাফ পত্রিকায় জোকোভিচকে ‘কিং জোকার’ অ্যাখ্যা দিয়ে লিখেছে, ‘মারেকে উড়িয়ে দিয়ে জোকোভিচ বুঝিয়ে দিয়েছে রজার ফেদেরার আর রাফায়েল নাদালের সঙ্গে তিনিও আছেন।’ এএফপি।