মারেকে বিদায় করলেন ভাভরিঙ্কা

ফেদেরার-নাদালের দ্বৈরথ হয়নি। এবারের ইউএস ওপেন নোভাক জোকোভিচ-অ্যান্ডি মারের দ্বৈরথ থেকেও বঞ্চিত হলো। দুই দিন আগে দর্শকদের হতাশ করেছেন রজার ফেদেরার। এবার ফেদেরারের মতো মারেও পা হড়কালেন সম্ভাব্য দ্বৈরথের আগের সিঁড়িতে।
গত বছরের চ্যাম্পিয়ন। মারে এবার এসেছিলেন কাঁধ থেকে ব্রিটিশদের উইম্বলডন শিরোপা জয়ের পৌনে এক শ বছরের প্রত্যাশার চাপ ঝেড়ে ফেলে। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট আরেক ফেবারিট জোকোভিচের মুখোমুখি হলে জম্পেশ একটা দ্বৈরথ হবে ভেবে টেনিসপ্রেমীরা ছিল রোমাঞ্চিত। কিন্তু স্তানিস্লাস ভাভরিঙ্কা পরশু শেষ আটে থামিয়ে দিয়েছেন মারের দৌড়।
একে তো ফেদেরারের সময়ে জন্ম। র্যাকেট হাতে আহামরি কোনো অর্জনও নেই। বিশেষ করে গ্র্যান্ড স্লাম যেন কী এক রহস্যময় আচরণ করে ভাভরিঙ্কার সঙ্গে। এর আগে গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠতে পারেননি কখনোই। স্বদেশে তাই ফেদেরারের ছায়াতেই ঢাকা পড়ে থাকেন ফেদেরার-বন্ধু। এবার দৃশ্যটা অন্য রকম। চতুর্থ রাউন্ডে হেরে ফেদেরার বাড়ি ফিরে গেছেন। সুইসদের আশার প্রতীক এখন এই ২৮ বছর বয়সী। তা ছাড়া মারেকে যেভাবে হারিয়েছেন, প্রশংসা তাঁর প্রাপ্য। সরাসরি ৬-৪, ৬-৩, ৬-২ গেমে ব্রিটিশদের অহংকারকে গুঁড়িয়ে দিয়েছেন। পুরো ম্যাচে একটা ব্রেক পয়েন্টও পাননি মারে। ম্যাচ শেষে মারে একটা বাক্যেই সব উত্তর দিয়েছেন, ‘সে অসাধারণ খেলেছে।’
ভাভরিঙ্কার স্বপ্নযাত্রা কি আজই থেমে যাবে? আজ সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ যে শীর্ষ বাছাই জোকোভিচ। রাশিয়ার মিখাইল ইয়ুঝনিকে হারিয়ে টানা ১৪তম গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠেছেন জোকোভিচ। জয়টা ৬-৩, ৬-২, ৩-৬, ৬-০ গেমে। অন্য সেমিফাইনালের যুদ্ধে নামবেন দুই বন্ধু, নাদাল ও প্রথমবারের মতো ইউএস ওপেনের সেমিফাইনালে ওঠা ফ্রান্সের রিচার্ড গ্যাসকেট।

সেমিফাইনালের লাইনআপ দেখে টেনিসপ্রেমীরা ফাইনালে নিশ্চয়ই জোকোভিচ-নাদালের দ্বৈরথ দেখার সময় গুনছেন। সেই সম্ভাবনাটাই প্রবল। ভাভরিঙ্কার সঙ্গে ১৪ বারের সাক্ষাতে জোকোভিচ জিতেছেন ১২ বারই। ভাভরিঙ্কার দুটি জয়ের সর্বশেষটি সেই ২০০৬ সালে। বন্ধু গ্যাসকেটের বিপক্ষে নাদাল জিতেছেন আগের ১০ সাক্ষাতেই। তার পরও বন্ধুকে সমীহই করছেন নাদাল, ‘আশা করি, দুর্দান্ত লড়াই হবে। রাওনিচ ও ফেদেরারের বিপক্ষে দারুণ দুটি ম্যাচ খেলেছে গ্যাসকেট। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে পাঁচ সেটের জয়, তার জন্য অসাধারণ ব্যাপার।’ এএফপি।