মারেকে হারিয়ে দিলেন অখ্যাত টম্পসন
কাল সকালে ঘুম থেকে উঠে নিজের শরীরে কি চিমটি কেটেছেন জর্ডান টম্পসন? ‘একি স্বপ্ন, না সত্যি’—অস্ট্রেলিয়ার অখ্যাত টেনিস খেলোয়াড় টম্পসনের এমনটা মনে হতেই পারে। পরশু লন্ডনে স্বপ্নের মতো একটা দিনই কাটালেন টম্পসন। বিশ্বের ৯০ নম্বর খেলোয়াড় লন্ডনের কুইন্স ক্লাবে এজন চ্যাম্পিয়নশিপে প্রথম রাউন্ড থেকেই বিদায় করে দিয়েছেন এক নম্বর খেলোয়াড় অ্যান্ডি মারেকে। সেই টম্পসন যিনি কিনা এটিপিতে এর আগে ঘাসের কোর্টে কোনো ম্যাচই জিততে পারেননি।
মঙ্গলবার সকালেও টম্পসন জানতেন না তিনি কুইন্স ক্লাবে মূল টুর্নামেন্টে খেলবেন। কোনো খেলোয়াড় যদি নাম প্রত্যাহার করে, তবে সুযোগ মিলতেও পারে, এই আশাতেই বাছাইপর্বে বাদ পড়েও টম্পসন লন্ডনে থেকে যান। চোটের কারণে ব্রিটেনের আলিয়াজ বেদেনে সরে দাঁড়ানোতেই মারের সঙ্গে খেলার সুযোগ পেলেন ২৩ বছর বয়সী টম্পসন। এরপর ৭-৬ (৭/৪), ৬-২ গেমে হারিয়েই দিলেন উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়নস মারেকে। এএফপি।