মারের অপেক্ষা, ভেনাসের বিদায়
অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছিল না অ্যান্ডি মারের। অনেকে যখন উঠে গেছেন তৃতীয় রাউন্ডে, তখনো কোর্টে নামা হয়নি ইউএস ওপেনের বর্তমান পুরুষ চ্যাম্পিয়নের। গত বছর ইউএস ওপেন জিতে ব্রিটিশদের ৭৬ বছরের গ্র্যান্ড স্লাম-খরা ঘোচানো মারে শেষ পর্যন্ত কোর্টে পা রাখলেন পরশু নিউইয়র্কের সময় রাত ৯টা ৫৫ মিনিটে। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দেরিতে শুরু হওয়া ম্যাচের তালিকায় অ্যান্ডি মারে-মাইকেল লোডরার ম্যাচটি আছে তিনে। বৃষ্টিভেজা কোর্টে অবশ্য ক্লান্ত দর্শকদের বেশিক্ষণ অপেক্ষায় রাখেননি মারে। শিরোপা ধরে রাখার অভিযানের প্রথম ধাপটা পেরিয়েছেন ৯৮ মিনিটেই, জিতেছেন ৬-২, ৬-৪, ৬-৩ গেমে। স্লোন স্টিভেনস ও উরসুলা রাদভানস্কার দ্বিতীয় রাউন্ডের ম্যাচটিও শুরু হয়েছে রাত ১১টা ৫৩ মিনিটে। ইউএস ওপেনের ইতিহাসে সবচেয়ে দেরিতে রাত ১২টায় একটি ম্যাচ শুরু হয়েছিল ১৯৮৭ সালের ২ সেপ্টেম্বর। পঞ্চদশ বাছাই যুক্তরাষ্ট্রের স্টিভেনস মাত্র ৫৮ মিনিটেই হারিয়েছেন রাদভানস্কাকে। দুবারের ইউএস ওপেনজয়ী যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস হেরে গেছেন চীনের ঝেং জির কাছে। সাতটি গ্র্যান্ড স্লামের মালিক ভেনাস ৩ ঘণ্টা ২ মিনিট লড়াই করে হেরেছেন ৬-৩, ২-৬, ৭-৬ (৭/৫) গেমে। এএফপি।