অল ইংল্যান্ড ক্লাব কাল ইতিহাসের সাক্ষী হয়ে গেল। কিন্তু সেই ইতিহাসে নেই রজার ফেদেরারের নাম। ইতিহাস আসলে গড়েছেন অ্যান্ডি মারে। পুরো ব্রিটেনকে আনন্দসাগরে ভাসিয়ে অলিম্পিক টেনিসের পুরুষ এককে সোনা জিতেছেন মারে। দর্শক-সমর্থনে উজ্জীবিত এই স্কটিশের সামনে একরকম উড়েই গেছেন ফেদেরার। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক হেরেছেন সরাসরি ৬-২, ৬-১, ৬-৪ গেমে। মাত্র ২৮ দিন আগেই উইম্বলডনের ফাইনালে ফেদেরারের কাছে হেরে কান্নায় ভেসেছিলেন মারে। কালও কাঁদলেন, তবে এবার সুখের কান্না। মারের জয়ে অবসান হলো ব্রিটিশদের ১০৪ বছরের অপেক্ষার। ১৯০৮ সালে এই লন্ডনেই সর্বশেষ ব্রিটিশ হিসেবে অলিম্পিক টেনিসের পুরুষ এককে শিরোপা জিতেছিলেন জোসিয়া রিচি। উইম্বলডন ফাইনাল হারের নির্মম প্রতিশোধে ফেদেরারের কাছে সোনার হরিণই হয়ে রইল অলিম্পিক একক সোনা। এই হারে তাঁর ঢোকা হলো না সবগুলো গ্র্যান্ড স্লাম জয়ের সঙ্গে অলিম্পিক জিতে ক্যারিয়ার গোল্ডেন স্লাম জয়ীদের ছোট্ট তালিকায়। আগের দিনই যে ক্লাবের চতুর্থ সদস্য হয়েছেন সেরেনা উইলিয়ামস। একক জয়ের পর কাল মারের সামনে ছিল মিশ্র দ্বৈত জিতে ‘ডাবল’ অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও। লরা রবসনকে সঙ্গী করে বেলারুশিয়ান জুটি ভিক্টোরিয়া আজারেঙ্কা ও ম্যাক্স মিরনির বিপক্ষে ফাইনালে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। পুরুষ এককে ব্রোঞ্জ জিতেছেন আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রো। আর্জেন্টিনাকে এবারের অলিম্পিকে প্রথম পদক এনে দেওয়ার পথে সার্বিয়ার নোভাক জোকোভিচকে ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন পোত্রো। অন্যদিকে মেয়েদের দ্বৈতে তৃতীয়বারের মতো সোনা জিতেছেন উইলিয়ামস বোনেরা। চেক জুটি আন্দ্রিয়া লাভাকোভা ও লুসি রাদেকাকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন ভেনাস ও সেরেনা। ওয়েবসাইট।