মারের চ্যালেঞ্জটা নিচ্ছেন ভেনাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনাস উইলিয়ামস
ভেনাস উইলিয়ামস

অ্যান্ডি মারের ‘ব্যাটল অব সেক্স’-এর চ্যালেঞ্জটা সাদরে গ্রহণ করেছিলেন সেরেনা উইলিয়ামস। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ‘মারের সঙ্গে খেলা! সত্যিই দারুণ মজার হবে।’ ‘মারে-সেরেনা’র কথিত সেই দ্বৈরথ এখনো আলোর মুখ দেখেনি। এরই মধ্যে মারের অন্য একটা চ্যালেঞ্জ গ্রহণ করলেন সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামস। সাতবারের গ্র্যান্ড স্লামজয়ী স্পষ্ট বলে দিলেন, তিন সেটের ম্যাচ খেলতে পারলে তাঁরা পাঁচ সেটের ম্যাচও খেলতে পারবেন।
গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে এখন মেয়েরাও পুরুষদের সমান অর্থ পুরস্কার পান। কিন্তু পুরুষদের যেখানে ‘বেস্ট অব ফাইভ’ খেলতে হয়, সেখানে মেয়েরা খেলেন ‘বেস্ট অব থ্রি।’ কম দৈর্ঘ্যের ম্যাচ খেলেও সমান সম্মানি, এটা কি বৈষম্য নয়? সম্প্রতি নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মারে তাই বলেছেন, হয় পুরুষদের ম্যাচ তিন সেটে নামিয়ে আনা উচিত, নয়তো মেয়েদের পাঁচ সেট খেলা উচিত। তাহলেই সমান অর্থ পুরস্কারের ব্যাপারটা মেনে নেওয়া যাবে।
দুই দিন আগে টোকিওর প্যান প্যাসিফিক ওপেনের সেমিফাইনালে হেরে যাওয়া ভেনাস মারের চ্যালেঞ্জটাকে বাসি হতে দিলেন না, ‘অবশ্যই, এতে আমার কোনো সমস্যা নেই। আমাদের বেস্ট অব থ্রি খেলতে হয়, আমরা বেস্ট অব থ্রি খেলি। যদি বেস্ট অব ফাইভ খেলতে হয়, ভালোই হবে।’ ভেনাসের সঙ্গে সুর মিলিয়েছেন টোকিওতে রানারআপ হওয়া জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারও, ‘আমি মনে করি, পাঁচ সেটের ম্যাচ খেলার জন্য আমরা ফিট এবং যথেষ্ট শক্তিশালী।’ তবে টোকিওতে কেরবারকে হারিয়ে শিরোপা জেতা চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার এ নিয়ে রোমাঞ্চ একটু কম, ‘আমি জানি না, আমি পাঁচ সেটের ম্যাচ খেলার জন্য প্রস্তুত কি না। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০ খেলোয়াড় এখন খুবই ভালো। এ কারণে প্রতিদ্বন্দ্বিতা এখন প্রায় একই রকম। তবে আমার মনে হয়, পাঁচ সেটের ম্যাচ খেলতে হলে আমাকে আরও বেশি পরিশ্রম করার ক্ষমতা এবং আরও বেশি দৌড়াতে সক্ষম হতে হবে।’
বিশ্ব মহিলা টেনিস অ্যাসোসিয়েশনের প্রধান স্টেসি অ্যালাস্টারও বললেন, তাঁর খেলোয়াড়েরা পাঁচ সেটের ম্যাচ খেলতে ‘তৈরি এবং ইচ্ছুক’। এএফপি।