মারের পথেই আসছেন রবসন
দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন। তৃতীয় সেটেও হয়েছে জমজমাট লড়াই। কিন্তু শেষ পর্যন্ত ২ ঘণ্টা ৪৮ মিনিটের ফাইনালে হেরে গেছেন ৬-৩, ৫-৭, ৬-৪ গেমে। ফাইনাল না জিতেও লরা রবসন অবশ্য একটা ইতিহাস গড়েছেন। ২২ বছর পর এই প্রথম ডব্লুটিএর প্রধান ট্যুরে এককের ফাইনালে উঠে এলেন কোনো ব্রিটিশ নারী। চীনের সেহ সু-উইয়ের বিপক্ষে গুয়াংজু ওপেনের শিরোপা শেষ পর্যন্ত না জিতলেও তাঁকে নিয়ে আশায় বুক বাঁধতেই পারে ব্রিটিশরা।মাত্রই কিছুদিন আগে ব্রিটিশদের পৌনে এক শতাব্দীর অপেক্ষার অবসান ঘুচিয়ে পুরুষ এককে গ্র্যান্ড স্লাম জিতেছেন অ্যান্ডি মারে। মেয়েদের কোর্টে মারের পথ ধরে এগিয়ে আসছেন রবসন। জুনিয়র পর্যায়েই ছিল সাফল্যের পূর্বাভাস। ২০০৮ সালে উইম্বলডনে গার্লস চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ওই বছরেই পেশাদার সার্কিটে নাম লেখানো রবসন গত অলিম্পিকেও ভালো খেলেছেন। মিশ্র দ্বৈতে মারের সঙ্গে জুটি বেঁধে রুপা জিতেছেন। ইউএস ওপেনে নজর কেড়েছেন কিম ক্লাইস্টার্স আর লি নার মতো তারকাদের হারিয়ে।অবশ্য মারের মতোও একটা ‘খাদ’ আছে তাঁর। মারে যেমন স্কটিশ, রবসন ব্রিটিশ হলেও জন্মেছেন অস্ট্রেলিয়ায়। তা হোক। ব্রিটিশরা তাঁকে নিয়ে স্বপ্ন দেখতেই পারে। সর্বশেষ ব্রিটিশ নারীর হাতে কোনো গ্র্যান্ড স্লাম উঠেছিল ৪০ বছর আগে, ১৯৭২ সালে যেবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ভার্জিনিয়া ওয়েড। ওয়েবসাইট।