মারের পাশে জেমস বন্ড
এ এক দুর্বোধ্য রহস্য। এ এক অমীমাংসিত অভিযান। গত পৌনে এক শতাব্দী ধরে এই অভিযানের পিছে মরীচিকার মতো ছুটে অনেকেই পারেননি। এবার এই অভিযানে নেমেছেন খোদ জেমস বন্ড। ব্যাপারটার সঙ্গে খেলাধুলা যেহেতু জড়িত, এই অভিযানে ব্রিটিশ ক্রীড়াঙ্গনের অন্যতম চৌকস, ধুরন্ধর মাথাটাকেও ব্যবহার করা হচ্ছে। থাকছেন অ্যালেক্স ফার্গুসন। শুধু অভিযানের একটা গালভরা নাম থাকলে ব্যাপারটা সাসপেন্সে ঠাসা কোনো বন্ড ছবিই হয়ে যেত। তবে সত্যি বলতে কি, যাঁকে কেন্দ্র করে এত সব আয়োজন, সেই তিনি যদি সত্যি সত্যিই মিশন সফল করতে পারেন, ব্রিটিশরা সত্যিই তাঁকে জেমস বন্ড বলেই ডাকবে! অ্যান্ডি মারে পারবেন?তাঁর প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই। এ নিয়ে পঞ্চমবারের মতো গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠলেন। ৭৬ বছরের অপয়া ভূত ভর করেই বলে কি না চারবারই খালি হাতে ফিরেছেন। আশার কথা হলো, ওই চারবারের তিনবারই তাঁর হন্তারক রজার ফেদেরার এবার কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছেন। ফেদেরার নেই, তবে ফেরার আছেন। আছেন গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে তাঁকে হারিয়ে দেওয়া নোভাক জোকোভিচও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঝড়ের কারণে সূচি ওলটপালট হয়ে যাওয়ায় ইউএস ওপেনের দ্বিতীয় সেমিফাইনালটি শেষ হয়নি (মেয়েদের ফাইনালটিও এক দিন পিছিয়েছে)। তাতে জোকোভিচের বিপক্ষে প্রথম সেটে ৫-২-এ এগিয়ে আছেন ফেরার। মারের সেমিফাইনালটিতেও হানা দিয়েছিল ঝোড়ো বাতাস। তবে শেষ পর্যন্ত টমাস বার্ডিচকে ৫-৭, ৬-২, ৬-১, ৭-৬ (৯/৭) গেমে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠে এসেছেন। সর্বশেষ এখানে ফাইনাল খেলেছেন ২০০৮ সালে। পরশুর সেমিফাইনালে মারেকে উৎসাহ জোগাতে চলে এসেছিলেন শন কনারি। কিংবদন্তি এই অভিনেতা বন্ড চরিত্রের কারণে অমর হয়ে থাকবেন। এসেছিলেন স্যার ফার্গিও। এই দুজন কথা দিয়েছেন আজকের (বাংলাদেশ সময় আগামীকাল সকাল ছয়টায়) ফাইনালেও আসবেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া অবশ্য টানা পঞ্চমবারের ফাইনালটাকে নিয়ে গেছে সোমবার। কনারি ও ফার্গুসনকে পাশে পেয়ে স্কটিশ মারেও ছিলেন অত্যন্ত উৎসাহিত, ‘আমি জেমস বন্ডের বিরাট ভক্ত। আমি ফুটবলও খুব ভালোবাসি। স্যার অ্যালেক্স তো সর্বকালেরই অন্যতম সফল কোচ। তা ছাড়া দুজনই স্কটল্যান্ডেরই।’ফেদেরারকে হারিয়ে সেমিফাইনালে আসা বার্ডিচ ম্যাচটা স্থগিত না করানোয় নাখোশ। প্রথম সেটটা জেতার পর পরের দুটি সেট যেভাবে হেরেছেন, তাতে কিছু একটা ঝামেলা যে হয়েছিল বোঝাই যায়। ঝামেলা ঝোড়ো বাতাস। মারে এমন বাতাসে খেলে অভ্যস্ত। ম্যাচ শেষে ফার্গুসন তো মজা করেই বলেছেন, ‘বাতাস জিনিসটা স্কটল্যান্ডেরই আবিষ্কার।’ বাতাসের আনুকূল্য পাওয়ার কথা স্বীকার করেছেন মারেও। তবে এই ম্যাচ নিয়ে এখন আর ভাবতে চান না। মনোযোগ এখন তাঁর পুরোটা ফাইনালকে নিয়েই। ফাইনালে জোকোভিচডেভিড ফেরার নয়, ফাইনালে নোভাক জোকোভিচকেই পেলেন মারে। আগের দিন ৫-২-এ এগিয়ে থাকা ফেরার কাল কোর্টে নেমেই জিতে নেন প্রথম সেটটা। কিন্তু ওই পর্যন্তই। পরের তিন সেটই জিতে ফাইনালে জোকোভিচ। এই সার্বিয়ান জিতেছেন ২-৬, ৬-১, ৬-৪, ৬-২ গেমে। এএফপি, রয়টার্স।