মারের বাধা ইয়ানোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোর্টে খেলছিলেন অ্যান্ডি মারে, সেটা তো বড় পর্দায়ই দেখা যাচ্ছে। মারে ভক্তরাও এসেছিলেন মারে সেজে। উইম্বলডনের  কোর্টের বাইরে থেকেও যাঁরা সোত্সাহে সমর্থন দিয়ে গেছেন তাঁকে ষ এএফপি
কোর্টে খেলছিলেন অ্যান্ডি মারে, সেটা তো বড় পর্দায়ই দেখা যাচ্ছে। মারে ভক্তরাও এসেছিলেন মারে সেজে। উইম্বলডনের কোর্টের বাইরে থেকেও যাঁরা সোত্সাহে সমর্থন দিয়ে গেছেন তাঁকে ষ এএফপি

বড় বাঁচা বেঁচে গেছেন অ্যান্ডি মারে। এত দিন রাফায়েল নাদাল, রজার ফেদেরার, জো-উইলফ্রায়েড সোঙ্গাদের বিদায়ে উল্লাস করেছেন ব্রিটিশ টেনিসপ্রেমীরা। একটা একটা করে তারা ঝরেছে আর ব্রিটিশদের স্বপ্নে একটু একটু করে রং চড়েছে। কারণ, মারে যে অর্ধে খেলছেন সেটি যে ভাঙা হাট! সেই মারেই পরশু কোয়ার্টার ফাইনালে ব্রিটিশদের স্বপ্নটা ভেঙে প্রায় চুরমার করে দিয়েছিলেন। স্পেনের ফার্নান্দো ভারদাসকোর কাছে প্রথম দুই সেট হেরে ৭৭ বছরের অপেক্ষাকে ঠেলে দিচ্ছিলেন ৭৮-এ। শেষ পর্যন্ত প্রত্যাবর্তনের অসাধারণ এক গল্প লিখে (৪-৬, ৩-৬, ৬-১, ৬-৪, ৭-৫ গেমে জয়) সেমিফাইনালে উঠেছেন মারেই।

আজ শেষ চারে মারের প্রতিপক্ষ টুর্নামেন্টের আরেক বিস্ময় ইয়ার্জি ইয়ানোভিচ। দুই বছর আগেও টাকার অভাবে অস্ট্রেলিয়ান ওপেনে যেতে না-পারা এই পোলিশ ইতিহাস গড়েই উঠেছেন সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে স্বদেশি উকাশ কুবোতকে হারিয়ে ইয়ানোভিচ উঠেছেন শেষ চারে। ইয়ানোভিচই গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা প্রথম পোলিশ পুরুষ। আজকের ম্যাচের ফল যা-ই হোক না কেন, সেমিফাইনালে ওঠাতেই ২২ বছর বয়সীর ব্যাংক অ্যাকাউন্টটা ফুলে-ফেঁপে উঠছে। কমপক্ষে ৬ লাখ ১০ হাজার ডলার প্রাইজমানি প্রাপ্তি নিশ্চিত করে ফেলেছেন ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার খেলোয়াড়।

কষ্টের সেই দিনগুলো কঠোর পরিশ্রম করেই পার করা ইয়ানোভিচ সেমিফাইনালে ওঠার পর স্মরণ করেছেন সেই সময়টাকে, ‘সারা জীবনই কঠোর অনুশীলন করে এসেছি। ক্যারিয়ারে অনেক সমস্যারও মুখোমুখি হয়েছি। এ মুহূর্তটার জন্যই যত অনুশীলন ও কাজ করা। আবেগ ধরে রাখাটা সত্যিই কঠিন ছিল।’

অন্যদিকে ফ্রেড পেরির পর গ্র্যান্ড স্লামজয়ী প্রথম ব্রিটিশ মারে অভাবনীয় প্রত্যাবর্তনের পর ধন্যবাদ দিয়েছেন সেন্টার কোর্টের দর্শকদের। ‘পক্ষপাতদুষ্ট’ এই দর্শকেরাই ‘ব্যবধানটা’ গড়ে দিয়েছেন বলে মনে করেন মারে, ‘আমি যখন পিছিয়ে পড়লাম তখনো দর্শকেরা আমার পাশে ছিল। আর এটাই অনেক বড় ব্যবধান গড়ে দিয়েছে।’ উইম্বলডনে টানা পঞ্চম সেমিফাইনাল নিশ্চিত করে মারে ছুঁয়েছেন পেরির ১৩টি গ্র্যান্ড স্লামের শেষ চারে খেলার ব্রিটিশ রেকর্ড।

অন্য সেমিফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ খেলবেন আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোর বিপক্ষে। সপ্তম বাছাই চেক টমাস বার্ডিচকে সরাসরি সেটে হারিয়ে গ্র্যান্ড স্লামে টানা ১৩তম সেমিফাইনাল নিশ্চিত করেছেন এই সার্বিয়ান। অন্যদিকে চোটাঘাতে জর্জরিত দেল পোত্রো চতুর্থ বাছাই ডেভিড ফেরারকেও সরাসরি সেটে হারিয়েছেন। একবার ‘মেডিকেল টাইমআউট’ নেওয়া দেল পোত্রো ম্যাচটা শেষ করতে পারবেন কি না এ নিয়েই পড়ে গিয়েছিলেন শঙ্কায়, ‘এত ব্যথা লাগছিল যে নিজেকে সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছিলাম।’ এএফপি।

সেমিফাইনাল লাইনআপ

জোকোভিচ : দেল পোত্রো

মারে : ইয়ানোভিচ